IPL 2026

মুম্বই ছেড়ে কেন এলেন গোয়েন্‌কার লখনউয়ে, জানালেন অর্জুন, ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন না সচিন-পুত্র

মুম্বইয়ের হয়ে দু’বছরে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন। তিনটি উইকেট নিয়েছেন। গত বছর মুম্বই ছেড়ে যোগ দিয়েছেন সঞ্জীব গোয়েন্‌কার দল লখনউয়ে। কেন এই দলে এসেছেন তার উত্তর অবশেষে দিলেন অর্জুন তেন্ডুলকর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ২২:৫৮
cricket

অনুশীলনে অর্জুন তেন্ডুলকর। ছবি: সমাজমাধ্যম।

মুম্বইয়ের হয়ে দু’বছরে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন। তিনটি উইকেট নিয়েছেন। কোনও দিনই নিয়মিত সুযোগ পাননি। ফলে গত বছর মুম্বই ছেড়ে যোগ দিয়েছেন সঞ্জীব গোয়েন্‌কার দল লখনউয়ে। কেন এই দলে এসেছেন তার উত্তর অবশেষে দিলেন অর্জুন তেন্ডুলকর। কেন তিনি ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন না সেই উত্তরও দিয়েছেন।

Advertisement

একটি পডকাস্টে অর্জুনকে প্রশ্ন করা হয়েছিল, মুম্বইয়ে তাঁর আরও বেশি সুযোগ পাওয়া উচিত ছিল কি না? অর্জুন বলেন, “কে সেটা মনে করে না? কেউ তো আর বেঞ্চে বসে থাকতে চায় না। কিন্তু আমাদের কাজ হল সব সময় কঠোর পরিশ্রম করে যাওয়া এবং সুযোগ এলে সেটা কাজে লাগানো।” সুযোগের অপেক্ষায় লখনউয়ে এলেও বুধবার দিল্লি ম্যাচে ১৬ জনের দলেই রাখা হয়নি তাঁকে। চোট রয়েছে কি না তা-ও স্পষ্ট নয়।

এর পরেই তাঁকে প্রশ্ন করা হয়, আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান, ভারতের হয়ে খেলতে দেখতে, আইপিএলে তারকা হতে না কি ক্রিকেটকে সব কিছু দিয়েছেন এটা ভেবে শান্তিতে থাকতে? অর্জুন বলেন, “শেষেরটাই হবে। নিজেকে নিয়ে খুশি থাকা, কাউকে আঘাত না দেওয়া বা ক্ষতি না করা এবং সততার সঙ্গে জীবন কাটানোই লক্ষ্য।”

নিজে ক্রিকেটার হলেও অর্জুন জানিয়েছেন তাঁর কোনও ক্রিকেটার বন্ধু নেই। পডকাস্টে অর্জুন বলেছেন, “গোয়ায় আমার বাড়িতে পাঁচটা কুকুর রয়েছে। ওদের সঙ্গে সময় কাটাই। আমার কোনও ক্রিকেটার বন্ধু নেই। আমার বেশির ভাগ বন্ধুই ক্রিকেট খেলে না এবং ক্রিকেটের ব্যাপারে জানে না।”

আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন অর্জুনও। বলেছেন, “১১ জনকে বেছে নিয়ে দল নামাও। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা অন্য লিগ, কোথাও ইমপ্যাক্ট প্লেয়ার নেই। তাই ব্যক্তিগত ভাবে আমি এই নিয়মের বিরোধী।”

Advertisement
আরও পড়ুন