IPL 2026

গ্রিন-বিতর্ক চলছেই, অলরাউন্ডার বলেই নিলামে কেনা হয়েছিল, সাফাই কেকেআর কোচের, ধোঁয়াশা বৃহস্পতিবার ইডেনে বল করা নিয়েও

বৃহস্পতিবার ঘরের মাঠে চলতি আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর। সেই ম্যাচের আগেও জারি ক্যামেরন গ্রিন-বিতর্ক। কোচ অভিষেক নায়ার কী বললেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ২১:৫৫
cricket

ক্যামেরন গ্রিন। ছবি: পিটিআই।

ক্যামেরন গ্রিনের বোলিং নিয়ে বিতর্ক শুরু হয়েছিল প্রথম ম্যাচের পরেই। কেকেআর বনাম অস্ট্রেলিয়া বোর্ডের মধ্যে কথার লড়াইও হয়েছে। বৃহস্পতিবার ঘরের মাঠে চলতি আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর। সেই ম্যাচের আগেই জারি গ্রিন-বিতর্ক। কোচ অভিষেক নায়ার সাফ জানালেন, গ্রিনকে অলরাউন্ডার ধরেই নিলামে কিনেছিলেন তাঁরা। তবে কোচ পাশেও দাঁড়িয়েছেন অস্ট্রেলীয় বোলারের।

Advertisement

নায়ার এ দিন বলেন, “নিলামে আমাদের লক্ষ্য ছিল খুব সহজ। যদি রাস (আন্দ্রে রাসেল) না থাকে তা হলে কে এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার এবং দলে প্রভাব ফেলতে পারে ও রাসেলের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যেতে পারে? আমরা ভেবেছিলাম ক্যামেরন গ্রিন সেটা পারবে। দুর্ভাগ্যবশত এখনও বল করতে পারেনি।”

এ দিন অনুশীলনে গ্রিনকে বল করতে দেখা গিয়েছে। গ্রিনের বলে স্টাম্প ছিটকে গিয়েছে। তবে বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে তিনি বল করবেনই এমন নিশ্চয়তা দিতে পারেননি নায়ার। বরং কিছুটা দার্শনিক হয়ে তিনি বলেছেন, “কিছু কিছু জিনিস দুর্ভাগ্যবশতই ঘটে। আপনার নিয়ন্ত্রণে থাকে না। এটাই খেলাটার সৌন্দর্য। আপনি সব সময় সেরা দল নামাতে চান। হাতে বেশি বিকল্প চান। সেটা না থাকলে সমস্যা হয়।”

নায়ার আরও বলেন, “আমরা তো কিছু ভেবেচিন্তেই নিলামে যাই। দূরের লক্ষ্যের কথা ভাবি। ক্রিকেটারদের অভিজ্ঞতা এবং দক্ষতার কথা ভেবেই তাদের কিনি। কখনও সখনও ক্রিকেটারেরা নিজেদের দক্ষতা দেখাতে পারে না। সবটা আমাদের হাতেও থাকে না। আমাদের কাছে অলরাউন্ডার গ্রিনের গুরুত্ব অনেক বেশি।”

প্রথম ম্যাচে ভাল বল করতে পারেননি বরুণও। টি-টোয়েন্টি বিশ্বকাপের খারাপ ফর্ম চলছে আইপিএলেও। নায়ার অবশ্য আশাবাদী যে বরুণ ঘুরে দাঁড়াবেন। তিনি বলেছেন, “মানসিক ভাবে দারুণ জায়গায় রয়েছে বরুণ। গত কয়েক বছরের চেয়েও ভাল জায়গায় রয়েছে। এর থেকেও খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। গত কয়েক বছরে ও এমন কিছু অর্জন করেছে যা আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। সকলেই জানে বরুণ কত ভাল বোলার।”

নায়ারের সংযোজন, “গ্রিনকে নিয়ে যেটা বলেছি সেটা বরুণকে নিয়েও বলব। পরিসংখ্যানের দিক থেকে দেখুন, এত জোরে বল বরুণ আগেও করেছে। একই লেংথে বল করেছে। কখনও সখনও এ রকম হয় যে ব্যাটারেরা আপনাকে ভাল খেলে দেয়। এই সমস্যা ও দ্রুত কাটিয়ে উঠবে।”

Advertisement
আরও পড়ুন