Cricket Australia

পঞ্জাবকে জেতানোর পরের দিনই বার্ষিক চুক্তি থেকে বাদ কনোলি, ছাঁটাই ম্যাক্সওয়েলও! অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেটজীবন শেষ, উঠছে প্রশ্ন

কার্যত একার হাতে গুজরাতের বিরুদ্ধে পঞ্জাবকে জিতিয়েছেন কুপার কনোলি। পরের দিনই অস্ট্রেলিয়া বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন। গ্লেন ম্যাক্সওয়েলও বাদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৮:৩৯
cricket

অর্ধশতরানের পর কুপার কনোলি। ছবি: পিটিআই।

মঙ্গলবার কার্যত একার হাতে গুজরাতের বিরুদ্ধে পঞ্জাবকে জিতিয়েছেন কুপার কনোলি। পরের দিনই অস্ট্রেলিয়া বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েলকেও বাদ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার হয়ে তাঁর ক্রিকেটজীবন শেষ।

Advertisement

বুধবার প্রকাশিত হওয়া তালিকায় কনোলির পাশাপাশি আর এক তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসও বাদ পড়েছেন। ২১ জন ক্রিকেটার রয়েছেন চুক্তির তালিকায়। আগামী ১২ মাসে ২১টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তার আগে কনোলির বাদ পড়া তাৎপর্যপূর্ণ। গত ১৮ মাসে কনোলির উপর অনেকটাই ভরসা রেখেছিল অস্ট্রেলিয়া। ১১টি টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি একটি টেস্টেও খেলেছেন কনোলি। কিন্তু মাত্র ২৮ রান করেছেন টি-টোয়েন্টিতে। টেস্টেও সাফল্য পাননি। তাঁর উপর নির্বাচক এবং বোর্ডের আস্থা হারিয়ে ফেলাই চুক্তি থেকে বাদ পড়ার কারণ বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, দীর্ঘ দিন খেলার পর বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ম্যাক্সওয়েল। তিনি দেশের হয়ে শুধু টি-টোয়েন্টিই খেলেন। ২০১৭-র পর থেকে টেস্টে সুযোগ পান না। ২০২৩-এর পর এক দিনের ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন। টি-টোয়েন্টিতেও ফর্ম খারাপ হওয়ার জেরে তাঁকে চুক্তি থেকে বাদ পড়তে হল। বোর্ডের কর্তাদের দাবি, বয়স হয়েছে ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়া বোর্ড এখন তরুণদের দিকে তাকাতে চাইছে।

২০১২-য় অভিষেক হয় ম্যাক্সওয়েলের। দীর্ঘ দিন ধরে তিনটি ফরম্যাটে ২৭০টির বেশি ম্যাচ খেলে ৬৫০০-র বেশি রান করেছেন। কিন্তু টেস্ট দলে তাঁর জায়গা কখনও পাকা করতে পারেননি। অদূর ভবিষ্যতে টেস্ট এবং একাধিক ফরম্যাটে খেলা ক্রিকেটারদের দিকে নজর দিতে চাইছে অস্ট্রেলিয়া। তাই ম্যাক্সওয়েলকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন