IPL 2026

প্রথম ম্যাচেই বিতর্কে গুজরাতের তেওয়াটিয়া, বেআইনি ব্যাট নিয়ে খেলতে নেমে ধরা পড়ে গেলেন আম্পায়ারদের কাছে

পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাহুল তেওয়াটিয়া স্ট্রাইক নেওয়ার আগেই তাঁর ব্যাট পরীক্ষা করেন আম্পায়ারেরা। ‘ব্যাট গেজ়’ ঠিক না থাকায় তেওয়াটিয়াকে ব্যাট পরিবর্তন করার নির্দেশ দেন আম্পায়ারেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৭:২৩
picture of cricket

রাহুল তেওয়াটিয়া। ছবি: এক্স।

আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই বিতর্কে জড়ালেন গুজরাত টাইটান্সের রাহুল তেওয়াটিয়া। বেআইনি ব্যাট নিয়ে খেলতে নেমে ধরা পড়ে গেলেন আম্পায়ারদের চোখে। ব্যাট বদলাতে বাধ্য করা হয় তাঁকে।

Advertisement

মঙ্গলবার পঞ্জাব কিংস ম্যাচে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর ব্যাট করতে নামেন তেওয়াটিয়া। তাঁর হাতের ব্যাটটি দেখে সন্দেহ হয় আম্পায়ারদের। তিনি স্ট্রাইক নেওয়ার আগেই ব্যাট পরীক্ষা করেন আম্পায়ারেরা। ধরা পড়ে যায়, ‘ব্যাট গেজ়’ ঠিক নেই। নির্দিষ্ট মাপের মধ্যে না থাকায় তেওয়াটিয়াকে ব্যাট পরিবর্তন করার নির্দেশ দেন আম্পায়ারেরা। তিনি ব্যাট বদলানোর পর শুরু হয় খেলা। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।

গত মরসুম থেকে আইপিএলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ‘ব্যাট গেজ়’। নির্দিষ্ট মাপের বাইরের ব্যাট ব্যবহার করতে পারেন না ক্রিকেটারেরা। ব্যাট এবং বলের ভারসাম্য বজায় রাখতেই এই নিয়ম। গত আইপিএলে ব্যাট কতটা চওড়া এবং মোটা তা পরীক্ষা করে দেখা হয়েছিল প্রায় নিয়মিত। কেউ ব্যাট করতে নামলেই আম্পায়ারেরা পরখ করে নিয়েছিলেন ব্যাটের গেজ়। ব্যাটারেরা যাতে অতিরিক্ত চওড়া এবং ভারী ব্যাট ব্যবহার না করেন, তা নিশ্চিত করা হয়েছিল। এ বারের আইপিএলে সে ভাবে ব্যাট পরীক্ষা করা হচ্ছে না। পঞ্জাবের বিরুদ্ধে তেওয়াটিয়া ব্যাট করতে নামার পর তাঁর হাতের ব্যাট দেখে সন্দেহ হওয়ায় পরীক্ষা করেন আম্পায়ারেরা। মাপার পর বোঝা যায়, সন্দেহ অমূলক ছিল না।

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়ম অনুযায়ী ব্যাটের প্রস্থ ১০.৮ সেন্টিমিটার, গভীরতা (মোটা) ৬.৭ সেন্টিমিটার এবং ধার ৪ সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে। ২০১৮ সালে প্রথম এই নিয়ম চালু করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরে ব্যাটের এই মাপকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) ২০২৫ সালের এপ্রিল মাস থেকে আইপিএলে এই নিয়ম চালু করে।

Advertisement
আরও পড়ুন