(উপরে) অর্শদীপ সিংহের নাচ এবং ‘ধুরন্ধর’ সিনেমায় অক্ষয় খন্না (নীচে)। ছবি: এক্স।
রান দিলেও নিয়মিত উইকেট পাচ্ছেন অর্শদীপ সিংহ। আমেরিকা এবং নামিবিয়ার বিরুদ্ধে দলকে শুরুতে উইকেট দিয়েছেন। ভারতের সফলতম টি-টোয়েন্টি বোলার বিশ্বকাপের মাঝে রয়েছেন ফুরফুরে মেজাজে। কলম্বোয় তাঁকে দেখা গেল ‘রহমান ডাকাইত’-এর ভঙ্গিতে।
শুক্রবার সন্ধ্যায় ভারতীয় দলের সঙ্গে কলম্বো পৌঁছেছেন অর্শদীপ। রবিবার প্রতিপক্ষ পাকিস্তান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও হালকা মেজাজে রয়েছেন বাঁ হাতি জোরে বোলার। ভারতীয় দলের শ্রীলঙ্কায় পৌঁছোনোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
নাচ-গান-বাজনার মাধ্যমে ভারতীয় ক্রিকেটারদের কলম্বোয় স্বাগত জানান স্থানীয় শিল্পীরা। তাঁদের পাশ দিয়ে শান্ত ভাবে হেঁটে যান কোচ গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অভিষেক শর্মা, হার্দিক পাণ্ড্যেরা। বাজনার শব্দ শুনে নিজেকে সামলাতে পারেননি অর্শদীপ। বাজনার সঙ্গে ছন্দ মিলিয়ে নাচের ভঙ্গি করেন তিনি। তা দেখে হেসে ফেলেন পাশে থাকা সতীর্থ অক্ষর পটেল।
হিন্দি সিনেমা ‘ধুরন্ধর’-এ রহমান ডাকাইতের ভূমিকায় অক্ষয় খন্নাকে যে ভাবে নাচতে দেখা গিয়েছিল, হাঁটতে হাঁটতে অনেকটা তেমনই ভঙ্গি করেন অর্শদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের আগে অর্শদীপের এই মেজাজ নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এ এক জন বালোচ রাজনৈতিক নেতার ভূমিকায় অভিনয় করেন অক্ষয়।
রবিবার ভারত দু’জন জোরে বোলার নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেললে টানা তিনটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন অর্শদীপ। গম্ভীর-সূর্যেরা এক জন জোরে বোলারকে প্রথম একাদশে রেখে রণকৌশল তৈরি করলে বসতে হতে পারে পঞ্জাবের বোলারকে। সে সব নিয়ে যে চাপে নেই, তা অর্শদীপ বুঝিয়ে দিয়েছেন কলম্বোয় পৌঁছেই।