ঋষভ পন্থ। ছবি: পিটিআই।
আইপিএলে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছে না লখনউ সুপার জায়ান্টস। চাপে থাকা ঋষভ পন্থের দলকে আরও চাপে ফেলে দিয়েছেন ম্যাথু ব্রিৎজ়কে। ব্যক্তিগত কারণে লখনউ শিবির ছেড়ে দেশে ফিরে গিয়েছেন তিনি। এ বারের আইপিএলে তিনি আর খেলবেন না। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে স্বস্তির খবরও রয়েছে লখনউ শিবিরের জন্য।
ব্রিৎজ়কে কেন দেশে ফিরে গিয়েছেন, তা জানাননি লখনউ কর্তৃপক্ষ। শুধু জানানো হয়েছে ব্যক্তিগত কারণে এ বারের আইপিএলে আর খেলতে পারবেন না তিনি। গত ২৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগেই দেশে ফিরে গিয়েছেন ব্রিৎজ়কে। এ বারের আইপিএলে তাঁকে অবশ্য কোনও ম্যাচেই খেলাননি পন্থেরা। গত মরসুমে লখনউয়ের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ২৭ বছরের ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার ব্রিৎজ়কে দেশে ফিরে গেলেও পন্থদের স্বস্তি দিয়েছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিস। নিলামে ৮ কোটি ৬০ লাখ টাকা দিয়ে কেনা ব্যাটার অবশেষে যোগ দিয়েছেন লখনউ শিবিরে। বিয়ের জন্য এপ্রিল মাসে আইপিএল খেলতে পারেননি তিনি। প্রতিযোগিতা শুরুর আগেই লখনউ এবং আইপিএল কর্তৃপক্ষকে বিয়ের বিষয়টি জানিয়ে ছুটি চেয়ে রেখেছিলেন ইংলিস। আশা করা হচ্ছে, আগামী ৪ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবেন অস্ট্রেলীয় উইকেটরক্ষক-ব্যাটার। গত ১৮ এপ্রিল পশ্চিম অস্ট্রেলিয়ার মার্গারেট রিভার অঞ্চলে ইংলিসের বিয়ের অনুষ্ঠান হয়।
গত মরসুমে পঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলেন ইংলিস। ১১টি ম্যাচে করেন ২৭৮ রান। তাঁর গড় ছিল ৩০.৮৮। স্ট্রাইক রেট ১৬২.৫৭। গত নিলামের আগে ইংলিসকে ছেড়ে দেন পঞ্জাব কর্তৃপক্ষ।