বাংলাদেশ ক্রিকেট দল। —ফাইল চিত্র।
আগামী দু’টি বিশ্বকাপের জন্য অধিনায়ক নির্বাচন করে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ এবং ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা মাফিক প্রস্তুতির লক্ষ্যে নেতা বেছে নিলেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা। বিসিবির বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
দু’টি বিশ্বকাপের জন্য দু’জনকে অধিনায়ক নির্বাচন করা হয়েছে। অর্থাৎ, সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের দু’জন অধিনায়ক থাকবেন আগামী বিশ্বকাপ পর্যন্ত। বিসিবি কর্তারা অবশ্য কোনও রদবদল করেননি। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত এক দিনের দলের অধিনায়ক করা হয়েছে মেহদি হাসান মিরাজকে। ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। শুধু অধিনায়ক নয়, দু’জন সহ-অধিনায়কের নামও ঘোষণা করে দিয়েছে বিসিবি। এক দিনের দলের সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। লিটনের সহকারী করা হয়েছে সইফ হাসানকে।
জাতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ রফিককে। আগামী এক বছর তিনি জাতীয় দলের স্পিন বোলিং কোচ এবং পরামর্শদাতার ভূমিকা পালন করবেন। বাংলাদেশের প্রথম বোলার হিসাবে টেস্ট এবং এক দিনের আন্তর্জাতিকে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন রফিক।
বাংলাদেশে কর্তারা মনে করছেন, আগে থেকে অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচন করে ফেলায় বিশ্বকাপের প্রস্তুতিতে সুবিধা হবে। মিরাজ এবং লিটন নিজেদের পরিকল্পনা অনুযায়ী দল তৈরি করতে পারবেন।