তামিম ইকবাল। —ফাইল চিত্র।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল। ১৯২ জন কাউন্সিলর মনোনয়নের জন্য নথিভুক্ত ক্লাব, সংস্থা এবং সংগঠনগুলির তালিকা চূড়ান্ত করেছে তামিম ইকবাল নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। চিঠি দিয়ে কাউন্সিলরদের নাম পাঠানোর অনুরোধ করা হবে। ১৬ মের মধ্যে নাম পাঠাতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রের ১২.৭ ধারা অনুযায়ী কাউন্সিলরদের নাম চাওয়া হয়েছে। তিনটি বিভাগে কাউন্সিলরদের নাম চাওয়া হয়েছে। বিসিবির নির্বাচনে এই ১৯২ জন কাউন্সিলরই ভোট দাতা। তাঁদের ভোটেই নির্বাচিত হবেন বিসিবির ২৫ জন ডিরেক্টর। নির্বাচিত ডিরেক্টরেরা বোর্ড পরিচালনা করেন। তাঁদের মধ্যে ১২ জনকে নির্বাচিক করে ঢাকার ক্লাব কাউন্সিলরেরা। ১০ জন ডিরেক্টর নির্বাচিত হন আঞ্চলিক এবং জেলা সংস্থাগুলির কাউন্সিলরদের ভোটে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাউন্সিলর, প্রাক্তন ক্রিকেটারদের সংগঠনের ভোটে নির্বাচিত হন এর জন ডিরেক্টর। এ ছাড়া ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল দু’জন ডিরেক্টরকে মনোনিত করে।
তামিমের নেতৃত্বাধীন কমিটি আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ এপ্রিল আম্পায়ার এবং কোচদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বোর্ড আপাতত তাঁদের কার্যকালের মেয়াদ তিন মাস বাড়িয়েছে। তাঁদের এই মেয়াদ শেষ হলে নতুন করে নিয়োগ করা হবে। ৬৪টি জেলায় নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। আগ্রহীদের আবেদন খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। আম্পায়ারদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে।
বিসিবির গত নির্বাচনে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় বাংলাদেশের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্লাবের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে তারেক রহমানের সরকার। প্রাক্তন অধিনায়ক তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটিকে ছ’মাসের জন্য বিসিবি পরিচালনার দায়িত্ব দিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল।