BCCI

ভারতের টেস্ট দলে এ বারও জায়গা হল না শামির, বিশ্রাম বুমরাহকে, আফগানিস্তান টেস্টের জন্য ১৫ জনের দলের নেতৃত্বে শুভমন

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। তবু মহম্মদ শামিকে ব্রাত্যই করে রাখলেন গৌতম গম্ভীর, অজিত আগরকরেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৬:২৬
picture of cricket

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

আইপিএলের পর আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচের জন্য মঙ্গলবার ১৫ জনের দল বেছে নিয়েছেন অজিত আগরকরেরা। শুভমন গিলের সহ অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। এ বার ভারতীয় দলে সুযোগ পেলেন না মহম্মদ শামি। ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত টেস্ট ম্যাচটি হবে নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তাই বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। তবু সুযোগ পেলেন না শামি। বাংলার জোরে বোলারকে ব্রাত্যই করে রাখলেন গৌতম গম্ভীর, আগরকরেরা। তবে টেস্ট দলে নতুন কয়েক জনকে সুযোগ দিয়েছেন জাতীয় নির্বাচকেরা। তাঁরা হলেন হর্ষ দুবে, মানব সুতার এবং গুরনুর ব্রার। ২৩ বছরের মানব বাঁহাতি স্পিনার এবং ব্যাটার। বোলিং অলরাউন্ডার। ২৫ বছরের গুরনুর জোরে বোলার। ব্যাটের হাত খারাপ নয়। ২৩ বছরের হর্ষও অলরাউন্ডার। বাঁহাতি স্পিনার এবং বাঁহাতি ব্যাটার।

গম্ভীর, আগরকরেরা ভবিষ্যতের দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন। শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে তরুণদের দেখে নিতে চাইছেন। আফগানিস্তানের বিরুদ্ধে মানব, গুরনুর বা হর্ষ প্রথম একাদশে সুযোগ না পেলেও শুভমনদের সাজঘরের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। মানব এবং গুরনুর দু’জনেই গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল খেলেন।

তিন তরুণ বোলারকে সুযোগ দেওয়া থেকে আরও একটা বিষয় মোটামুটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। শামির কথা আর তাঁরা ভাবতে চাইছেন না। অন্তত লাল বলের ক্রিকেটের জন্য তো নয়ই। সে তিনি যতই আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ভাল পারফর্ম করুন। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের দলে থাকা অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা এবং আকাশদীপকেও দলে রাখা হয়নি।

পন্থকে আর ভারতীয় দলের ‘ডিলারশিপ গ্রুপ’-এ ভাবা হচ্ছে না। তাঁর পারফরম্যান্স এবং মানসিকতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। নির্বাচকেরাও সম্ভবত পন্থকে নিয়ে আশাহত। জল্পনা মতোই তাঁকে সরিয়ে দেওয়া হল সহ-অধিনায়কের পদ থেকে। অভিজ্ঞ রাহুলকে দেওয়া হয়েছে দায়িত্ব। মনে করা হচ্ছে, শুভমনকে অধিনায়ক হিসাবে আরও পরিণত হতে সাহায্য করবে রাহুলের অভিজ্ঞতা।

ভারত এবং আফগানিস্তান এখনও পর্যন্ত একটিই টেস্ট খেলেছে। ২০১৮ সালে বেঙ্গালুরুর সেই টেস্টে ভারত ইনিংস এবং ২৬২ রানে জয় পেয়েছিল। দু’দিনেই শেষ হয়ে গিয়েছিল ম্যাচ।

ভারতীয় টেস্ট দল: শুভমন গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দেবদত্ত পডিক্কল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষ দুবে, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), মানব সুতার এবং গুরনুর ব্রার।

Advertisement
আরও পড়ুন