যুজবেন্দ্র চহল (বাঁ দিকে) ও তানিয়া চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।
আবার আলোচনায় যুজবেন্দ্র চহল। তবে ক্রিকেটের বাইরে অন্য এক কারণে। বার বার কোনও না কোনও ঘটনায় নাম জড়াচ্ছে তাঁর। স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদ, আরজে মহওয়াশের সঙ্গে নাম জড়ানো থেকে শুরু করে কিছু দিন আগে চলন্ত গাড়িতে বসে ধূমপান করায় বিতর্ক হয়েছে তাঁকে নিয়ে। এ বার বলিউডের বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের দাবি, তাঁকে মেসেজ করেছেন চহল।
সাংবাদিকদের সামনে তানিয়া বলেন, “চহল আমাকে মেসেজ করেছেন। উনি বলেছেন, ‘আপনি মিষ্টি দেখতে।’” এ কথা বলে নিজের ফোন সাংবাদিকদের ক্যামেরার সামনে ধরেন তানিয়া। সেখানে দেখা যাচ্ছে, তানিয়ার কয়েকটি ছবি দিয়ে তাঁর ইনবক্সে মন্তব্য করেছেন চহল। সেই মন্তব্য প্রকাশ্যে দেখিয়ে দিয়েছেন তানিয়া। যদিও এই বিষয়ে চহল প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
গত কয়েক বছরে একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে চহলের। পেশায় নৃত্যশিল্পী ধনশ্রীর সঙ্গে প্রেম করে তাঁকে বিয়ে করেন চহল। কয়েক বছর গড়াতে না গড়াতে তাতে চিড় ধরে। জানা যায়, আলাদা থাকতে শুরু করেছেন দু’জনে। তার পরেই দু’জনের বিচ্ছেদ হয়। তা নিয়ে কম বিতর্ক হয়নি। চহলের কাছে খোরপোশ বাবদ ধনশ্রী অনেক টাকা নিয়েছেন বলে খবর হয়।
সেই সম্পর্ক কাটতে না কাটতে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহলকে। আইপিএল চলাকালীন একসঙ্গে সময় কাটানো, একে অপরকে উপহার দেওয়া চলতে থাকে। যদিও সেই সম্পর্ককে প্রেমের সম্পর্ক বলেননি তাঁরা। সম্প্রতি আর দু’জনকে একসঙ্গে দেখা যায় না। জানা গিয়েছে, তাঁদের সম্পর্কও ভেঙে গিয়েছে। এ বার তানিয়ার সঙ্গে নাম জড়াল চহলের।
ভারতের জাতীয় দলে দীর্ঘ দিন ব্রাত্য থাকলেও আইপিএলে নিয়মিত খেলেন চহল। পঞ্জাব কিংসের ক্রিকেটার তিনি। ভাল ফর্মেও রয়েছেন এই লেগ স্পিনার। মাঠে ও মাঠের বাইরে সতীর্থদের সঙ্গে খুনসুটি করতে তাঁর জুড়ি মেলা ভার। এ বার অন্য একটি কারণে খবরের শিরোনামে তিনি।