European T20 Premier League

নতুন ভূমিকায় ক্রিস গেল, বিদেশি লিগে অভিষেক বচ্চনের দলে বিনিয়োগ ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ব্যাটারের

২০২৬ সাল থেকে শুরু হবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ। ২৬ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হবে প্রতিযোগিতা। ছয় দলের প্রতিযোগিতায় ৩৩টি ম্যাচ হবে। ইউরোপের ছ’টি শহরে হবে ম্যাচগুলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২১:৪১
picture of cricket

ক্রিস গেল। —ফাইল চিত্র।

নতুন ভূমিকায় দেখা যাবে ক্রিস গেলকে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগের একটি দল কিনলেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার। গ্লাসগো ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম কর্ণধার হয়েছেন গেল। ফ্র্যাঞ্চাইজ়িটির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

Advertisement

২০২৬ সাল থেকে শুরু হবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ। ২৬ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হবে প্রতিযোগিতা। ছয় দলের প্রতিযোগিতায় ৩৩টি ম্যাচ হবে। ইউরোপের ছ’টি শহরে হবে ম্যাচগুলি। গ্লাসগো, আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট এবং রটারডামে হবে ম্যাচগুলি। নতুন এই লিগে দল মালিকের ভূমিকায় দেখা যাবে গেলকে। যাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বলে বিবেচনা করা হয়।

গেলকে স্বাগত জানিয়েছে অভিষেক বলেছেন, ‘‘মুগাফি গোষ্ঠী এবং ক্রিস গেলকে এই যাত্রায় স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাঁর উপস্থিতি ইউরোপিয়ান ক্রিকেটে আলাদা উত্তেজনা যোগ করবে। আমরা এই লিগের মাধ্যমে নতুন নতুন প্রতিভা তুলে আনব। দুর্দান্ত সম্ভাবনা রয়েছে এই নতুন প্রতিযোগিতার।’’ উচ্ছ্বসিত গেলও। তিনি বলেছেন, ‘‘ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। গোটা বিশ্বে ফ্র্যাঞ্চাইজ়ি লিগ খেলেছি। আমি নিশ্চিত এই লিগটা আলাদা হবে।’’

নতুন এই লিগের সঙ্গে যুক্ত গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ ওয়ের মতো ক্রিকেট ব্যক্তিত্বেরা। যুক্ত হতে পারেন রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিনও। আমস্টারডম ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত রয়েছেন স্টিভ এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন হকি খেলোয়াড় জেমি ডোয়ারা। যুক্ত রয়েছেন নিউ জ়িল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার নাথান ম্যাককালাম এবং কাইল মিলসও।

Advertisement
আরও পড়ুন