IPL 2026

২৫ কোটির গ্রিনকে নিয়ে লেগে গেল কেকেআর-অস্ট্রেলিয়া বোর্ডের! রাহানের দাবির পরেই পাল্টা, ‘ওরা তো সবটাই জানত’

ক্যামেরন গ্রিনকে নিয়ে এ বার বিবাদে জড়াল কলকাতা নাইট রাইডার্স ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের দাবির পর পাল্টা দাবি অস্ট্রেলিয়া বোর্ডের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১১:৫৮
cricket

অজিঙ্ক রাহানে (বাঁ দিকে) ও ক্যামেরন গ্রিন। ছবি: রয়টার্স।

হারের ধাক্কার পর নতুন সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। ২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্যামেরন গ্রিনকে নিয়ে এ বার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়েছে তারা। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের দাবির পর পাল্টা দাবি অস্ট্রেলিয়া বোর্ডের।

Advertisement

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২২০ রান করেও হেরেছে কেকেআর। যখন কলকাতার বোলারেরা রান দিচ্ছিলেন, তখনও বল হাতে দেখা যায়নি গ্রিনকে। এক বলও করেননি তিনি। নিলামে তাঁকে কিনতে পকেট ফাঁকা হয়েছে কেকেআরের। অলরাউন্ডার হিসাবে নিলেও জরুরি সময়ে গ্রিনের বল না-করা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

খেলাশেষে রাহানেকে জিজ্ঞাসা করা হয়, কেন গ্রিনকে বল দেওয়া হল না। জবাবে রাহানে বলেন, “এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি বলতে পারব না।”

কেকেআর অধিনায়কের কথা থেকে স্পষ্ট, গ্রিনের বল না করার নেপথ্যে অস্ট্রেলিয়া বোর্ডের নির্দেশ রয়েছে। রাহানের দাবির পর চুপ থাকেনি অস্ট্রেলিয়া বোর্ড। তাদের মুখপাত্র জানিয়েছেন, কেকেআর আগে থেকেই সবটা জানত। তিনি বলেন, “গ্রিনের পিঠের একটা সমস্যা আছে। সেই কারণে কিছু সময়ের জন্য ওকে বল করতে নিষেধ করা হয়েছিল। ও সুস্থ হয়ে উঠছে। ১০-১২ দিনের মধ্যে বল শুরু করতে পারবে। কেকেআরকে আগে থেকেই এই কথা জানানো হয়েছিল। ওরা তো সবটাই জানত।”

শুধু আইপিএল নয়, এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও বল করেননি গ্রিন। বিশ্বকাপের পর শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে শুধু ব্যাটার হিসাবে খেলেছেন তিনি। কেকেআরে যোগ দেওয়ার পর অনুশীলনেও তাঁকে বল করতে দেখা যায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার কথা থেকে পরিষ্কার, গ্রিন যে এখন বল করতে পারবেন না, সেটা কেকেআর জানত। ফলে এখন অভিযোগের কোনও মানে হয় না।

Advertisement
আরও পড়ুন