IPL 2026

‘দেখে ফিট মনে হচ্ছে তো?’ এনএসজি কমান্ডোকে প্রশ্ন ধোনির, হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সম্ভাবনা কতটা

সোমবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে কি খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি? সেই ম্যাচের আগে ধোনির একটি প্রশ্ন ঘিরে জল্পনা শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৪:৫৯
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। গ্রুপ পর্বে ১২টি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। বাকি আর দু’টি ম্যাচ। সোমবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে কি খেলবেন ধোনি? সেই ম্যাচের আগে ধোনির একটি প্রশ্ন ঘিরে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

হায়দরাবাদ ম্যাচের আগের দিন এনএসজি কমান্ডোদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ধোনি। তাঁর পরনে ছিল কালো টি-শার্ট। সেখানে কমান্ডোদের সঙ্গে কথা বলেন ধোনি। তিনি প্রশ্ন করেন, “আমাকে দেখে ফিট মনে হচ্ছে তো?” প্রশ্ন শুনে সমস্বরে সকলে বলেন, “একদম। পুরো ফিট।” তা শুনে ধোনি হেসে বলেন, “আসলে বয়স বাড়ছে তো। এখন ফিট থাকতে আরও পরিশ্রম করতে হয়।”

ধোনির এই ভিডিয়ে সমাজমাধ্যমে ভাইরাল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে চেন্নাই। সমর্থকদের আশা, ঘরের মাঠে শেষ দুই ম্যাচে ধোনিকে দেখতে পাবেন তাঁরা। প্লে-অফে উঠতে হলে এই দুই ম্যাচ জিততেই হবে চেন্নাইকে। সেই কারণেই ধোনিকে দলে চাইছেন তাঁরা।

এ বারের প্রতিযোগিতার আগে পায়ের কাফের পেশিতে চোট পেয়েছিলেন ধোনি। ফলে শুরুর দিকে কয়েকটি ম্যাচে খেলেননি তিনি। কিন্তু যত সময় গড়ায় তত ধোনিকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তিনি কবে মাঠে নামবেন, তার কোনও জবাব পাওয়া যাচ্ছিল না। মাঝে জানা যায়, ধোনি ফিট হয়ে উঠলেও দলের ভারসাম্যের কথা ভেবে খেলছেন না। কারণ, তিনি খেললে কাউকে বসতে হবে। দল জিততে থাকায় ধোনি দলে পরিবর্তন করতে চাননি। তাই খেলেননি তিনি।

আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরেছে চেন্নাই। প্লে-অফের দৌড়ের বাইরে থাকা একটি দলের কাছে হেরে ধাক্কা খেয়েছে তারা। রুতুরাজ গায়কোয়াড়ের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে হয়তো কোচ স্টিফেন ফ্লেমিং চাইছেন, মাঠে ধোনির মতো কেউ থাকুন। তা হলে রুতুরাজের উপর থেকে চাপ কমবে। ধোনি খেললেও হয়তো ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবেন। সেই জল্পনার জবাব অবশ্য ম্যাচের আগে পাওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন