BJP Govt in WB

দুর্নীতি-কাটমানির তদন্তে কমিশন গড়লেন শুভেন্দু, মাথায় প্রাক্তন বিচারপতি! আলাদা কমিশন গড়া হল নারী নির্যাতনের তদন্তেও

প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগগুলি খতিয়ে দেখতে দুই তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই কমিশনের নেতৃত্ব দেবেন কলকাতা হাই কোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৫:৪১
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগগুলি খতিয়ে দেখতে দুই তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই কমিশনের নেতৃত্ব দেবেন কলকাতা হাই কোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। সোমবার রাজ্যের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুপুুরে সাংবাদিক বৈঠক ডেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শুভেন্দু।

Advertisement

মুখ্যমন্ত্রী জানান, এই দু’টি তদন্ত কমিশনই আগামী ১ জুন থেকে কাজ শুরু করে দেবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগগুলি খতিয়ে দেখতে গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। এই কমিশনের সদস্যসচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস কে জয়রামনকে। তিনি বর্তমানে এডিজি (উত্তরবঙ্গ) পদে রয়েছেন।

পাশাপাশি নারী এবং শিশুকন্যাদের উপর অত্য়াচারের অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই কমিশনে তাঁর সঙ্গে সদস্যসচিব হিসাবে থাকবেন আইপিএস দময়ন্তী সেন। তিনি বর্তমানে এডিজি (আর্মড ফোর্স) পদে রয়েছেন।

গত সপ্তাহের সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়েছিল। ওই বৈঠক শেষেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, দ্বিতীয় বৈঠকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগের বিষয়ে আলোচনা হবে। বস্তুত, নির্বাচনের প্রচার পর্বে এই দুই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এ বার সরকার গঠনের ১০ দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি মতো দুই তদন্ত কমিশন গঠন করল মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রিসভা।

মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থে নির্মাণকাজে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানারকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। কাটমানি নেওয়া হয়েছে। ঘুষ দেওয়া-নেওয়া হয়েছে। সরকারি তহবিলের অপচয় হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর সঙ্গে সরকারি আধিকারিক, পঞ্চায়েত, কাউন্সিলর, দালাল অনেকে যুক্ত ছিলেন। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের কমিশন তৈরির কথা ছিল।” সেই লক্ষ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি বসুর নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে বলে জানান শুভেন্দু।

মুখ্যমন্ত্রী আরও জানান, প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের জন্য গঠিত এই কমিশনকে প্রয়োজনীয় লজিস্টিক, পরিকাঠামোগত সাহায্য দেবেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। প্রয়োজনীয় লোকবল এবং নথিপত্র দিয়েও সহযোগিতার কথা বলেন তিনি। শুভেন্দু বলেন, “আমি আশা করব, এই কমিশন তার ফাংশনিং শুরু করার ত৩০ দিনের মধ্যেই সুপারিশগুলি দিতে শুরু করবে। তার ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর রুজু করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার যথাযথ ধারা অনুযায়ী আমরা অ্যাকশনও নেব।”

ভোটের আগে বিজেপি জানিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে তারা মহিলাদের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করবে। সেই প্রতিশ্রুতি মতো মহিলা এবং শিশুকন্যাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে কমিশন গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “তারা (কমিশন) পুরো অফিস চালু করে দিলে, ডেডিকেটেড পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। পুরনো যে অভিযোগ বা এফআইআর যেগুলো পড়ে আছে, সেগুলো কালেক্ট করা হবে। জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি), এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, সংখ্যালঘু কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত সুপারিশ এখনও পর্যন্ত পড়ে রয়েছে, সেগুলো কমিশন প্রাথমিক ভাবে নিয়ে নেবে।”

এই তথ্য সংগ্রহের জন্য দুই কমিশনের সদস্য সচিবেরা জেলায় জেলায় বিভিন্ন থানায় যাবেন। এলাকা ঘুরে ঘুরে তাঁরা বয়ান সংগ্রহ করবেন। মুখ্যমন্ত্রী জানান, এই কমিশনের কাজের জন্য জেলা থেকে কাউকে কলকাতায় আসতে হবে না। বিভিন্ন থানা স্তরে ঘুরে ঘুরে এই কাজ হবে বলে জানান তিনি।

(সবিস্তারে আসছে)

Advertisement
আরও পড়ুন