Lionel Messi in Inter Miami

বিশ্বকাপের আগে ছন্দে মেসি, গোল করলেন, করালেনও! নতুন স্টেডিয়ামে প্রথম জয় মায়ামির

গোল করেই চলেছেন লিয়োনেল মেলি। তাঁর পায়ে জিতেও চলেছে ইন্টার মায়ামি। তাদের নমনির্মিত মাঠে প্রথম জয় পেয়েছে মায়ামি। তার নেপথ্যেও সেই মেসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৬:১৩
football

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

নবনির্মিত মাঠে অবশেষে জয় পেল ইন্টার মায়ামি। তার নেপথ্যেও রয়েছেন লিয়োনেল মেসি। গোল করলেন। গোল করালেন। এই জয়ের পর আবার মেজর লিগ সকার জেতার দৌড়ে উঠে এসেছে গত বারের চ্যাম্পিয়নেরা।

Advertisement

নতুন এই স্টেডিয়ামে এর আগে চারটি ম্যাচ খেলেছিল মায়ামি। তিনটি ম্যাচ ড্র হয়েছিল। অরল্যান্ডো সিটির বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও ৩-৪ হারতে হয়েছিল। অবশেষে ২৭,০০০ দর্শকাসনের মাঠে জিতল মায়ামি।

গোলের জন্য অবশ্য ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে মায়ামিকে। লুই সুয়ারেসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে চার ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন মেসি। বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। এগিয়ে যায় মায়ামি।

৪১ মিনিটের মাথায় গোল করান মেসি। এ বার রদ্রিগো ডি পলের সঙ্গে দেওয়া নেওয়া করে বক্সে অরক্ষিত দাঁড়িয়ে থাকা জার্মান বার্টেরামকে পাস দেন। গোল করতে সমস্যা হয়নি বার্টেরামের। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি মায়ামি। তাতে অবশ্য ম্যাচের ফল বদলায়নি। ২-০ গোলে জেতে মায়ামি। দলের হয়ে চলতি মরসুমে ১২ গোল করে ফেলেছেন মেসি। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

এই জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠেছে মায়ামি। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। শীর্ষে থাকা নাশভিলের পয়েন্ট ১৩ ম্যাচে ৩০। তিন নম্বরে রয়েছে নিউ ইংল্যান্ড। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। মেজর লিগ সকার জিততে হলে পয়েন্ট তালিকায় প্রথম সাত দলের মধ্যে থাকলেই হবে মেসিদের। দুই কনফারেন্সের সেরা সাত দলকে নিয়ে হবে পরের রাউন্ড। সেখানে নিজেদের জায়গা পাকা রেখেছে তারা।

আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় হবে এ বারের বিশ্বকাপ। ১১ জুন থেকে শুরু প্রতিযোগিতা। আর্জেন্টিনা এখনও দল ঘোষণা করেনি। তবে যা ইঙ্গিত তাতে মেসির নেতৃত্বেই এ বার বিশ্বকাপে নামবে গত বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। তার আগে ছন্দে রয়েছেন মেসি।

Advertisement
আরও পড়ুন