IPL 2026

আইপিএলে রান না পেলেও মন জিতলেন সঞ্জু! রাস্তায় গাড়ি থামিয়ে সমর্থককে ৪০ হাজার টাকার ফোন উপহার চেন্নাই ক্রিকেটারের

রাস্তায় যেতে যেতে গাড়িতে হঠাৎ সঞ্জু স্যামসনের দেখা। সেটাই যে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে যাবে তা ভাবতেও পারেননি কেরলের এক সমর্থক। প্রিয় তারকাকে দেখা এবং ছবি তোলা তো হলই। সঙ্গে উপহার পেলেন ৪০ হাজার টাকা দামের একটি ফোনও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৫:৪৬
cricket

ডিসপ্লে খারাপ থাকা ফোনে সঞ্জুর সঙ্গে সমর্থকের তোলা সেই নিজস্বী। ছবি: সমাজমাধ্যম।

রাস্তায় যেতে যেতে গাড়িতে হঠাৎ প্রিয় ক্রিকেটারকে দেখা। সেটাই যে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে যাবে তা ভাবতেও পারেননি কেরলের এক সমর্থক। প্রিয় তারকাকে দেখা এবং ছবি তোলা তো হলই। সঙ্গে উপহার পেলেন ৪০ হাজার টাকা দামের একটি ফোনও। কেরলের এক সমর্থকের দিনটা এ ভাবেই স্মরণীয় করে রাখলেন সঞ্জু স্যামসন। আইপিএলে রান না পেলেও মন জিতলেন তিনি।

Advertisement

পরের ম্যাচের আগে ভোট দিতে নিজের রাজ্যে ফিরেছিলেন সঞ্জু। সেখানেই এই ঘটনা ঘটেছে। মলয়ালি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পালাক্কাড়ের মুন্দুর-তুতা রোডের পুঞ্চাপ্পাড়াম স্কুলের কাছে এই ঘটনা ঘটে। কোজ়িকোড় থেকে কোয়ম্বত্তূরের উদ্দেশে যাচ্ছিলেন সঞ্জু। বিকেল ৫.১৫ নাগাদ গাড়ি থামিয়ে একটি ফোন ধরেন তিনি। একই সময়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কাতাপাঝিপ্পুরমের কেবল টেকনিশিয়ান শবরীশ এবং তাঁর বন্ধু মনিকন্দন।

দু’জনেই মঙ্গলনকুন্নুতে ক্রিকেট খেলতে যাচ্ছিলেন। এমন সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতরে সওয়ারি দেখে তাঁরা উঁকিঝুঁকি মারেন। হঠাৎ করেই বুঝতে পারেন, গাড়ির ভেতরে খোদ সঞ্জু বসে রয়েছেন!

সেই সময় সঞ্জু একটি ভিডিয়ো কলে ছিলেন। দুই সমর্থককে তিনি অপেক্ষা করতে বলেন। ফোন শেষ হওয়ার পর তাঁদের সঙ্গে কথা বলেন। কেমন আছেন জিজ্ঞাসা করার পাশাপাশি ছবি তুলতেও রাজি হয়ে যান। শবরীশ নিজের ফোন বার করে ছবি তুলতে যান। তবে সেই ফোনের ডিসপ্লের কিছু জায়গা ভাঙা ছিল।

সঞ্জু জিজ্ঞাসা করেন ফোনে কী হয়েছে। শবরীশ জানান, ফোনের সফটঅয়্যার আপডেটের পর এমনটা হয়েছে। তা শুনে সঞ্জু গাড়ির পিছনের দরজা খুলে শবরীশকে নতুন একটি ফোন উপহার দেন। এমন উপহার পাবেন ভাবতেও পারেননি শবরীশ। তিনি অবাক হয়ে যান। আরও কিছু ক্ষণ কথাবার্তার পর সঞ্জু গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

Advertisement
আরও পড়ুন