IPL 2026

দলের বৈঠকে কাদের কথায় সবচেয়ে বেশি গুরুত্ব দেন পন্থ? কেকেআর ম্যাচের আগে ঋষভের গুণের কথা তুলে ধরলেন স্পিন বোলিং কোচ

অধিনায়ক হিসাবে তিনি সকলের কাছে প্রিয়। হাসিঠাট্টায় মাতিয়ে রাখেন গোটা দলকে। আবার গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিতেও ছাড়েন না। লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থকে বিভিন্ন বিষয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন স্পিন বোলিং কোচ কার্ল ক্রো।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:০২
cricket

ইডেনে অনুশীলনে পন্থ। ছবি: পিটিআই।

দল জিতুক বা হারুক, অধিনায়ক হিসাবে তিনি সকলের কাছে প্রিয়। হাসিঠাট্টায় মাতিয়ে রাখেন গোটা দলকে। আবার গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিতেও ছাড়েন না। লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থকে বিভিন্ন বিষয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। কেকেআর ম্যাচের আগে তুলে ধরলেন পন্থের নানা গুণের কথা।

Advertisement

ক্রোয়ের মতে, পন্থ বোলারদের মতামতকে অনেক গুরুত্ব দেন। তাঁদের কথা মন দিয়ে শোনেন। ক্রো বলেছেন, “পন্থ ওর কাজকর্মেই বোলারদের আত্মবিশ্বাসী করে দেয়। দলের বৈঠকে বোলারদের বিভিন্ন পরামর্শ মন দিয়ে শোনে। ওদের দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনাকে বাড়তি গুরুত্ব দেয়। ব্যক্তিগত ভাবে ওকে পাওয়া আমাদের কাছে সৌভাগ্যের।”

আরও একটি গুণের কথা তুলে ধরে ক্রো বলেছেন, “একটা জিনিস সবচেয়ে বেশি ভাল লাগে, সেটা যতই ছোট হোক না কেন। অধিনায়ক হিসাবে ঘরে ঢোকার সময় প্রত্যেককে ‘হ্যালো’ বলে হাত মেলায় পন্থ। নেতা হিসাবে এমন কাজ সতীর্থদের আরও স্বচ্ছন্দ করে তোলে। ওর এই বিষয়টা আমার খুবই ভাল লাগে।”

পন্থ নিজে যতটা সম্ভব বোলারদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি তিনি চেষ্টা করেন দলের অভিজ্ঞ ক্রিকেটারদেরও মতামত নেওয়ার। এডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরানদের সঙ্গে নিয়মিত কথা বলেন পন্থ।

ক্রো বলেছেন, “ও হল ক্রিকেটারদের অধিনায়ক। দরকারের সময় ওর পরামর্শ পাওয়া যাবে। তবে কিপার হিসাবে বার বার ৩০ গজ ছুটে গিয়ে প্রতি বলে বোলারকে পরামর্শ দেওয়া মুশকিল। কিন্তু ওর হাতে এডেন এবং পুরানের মতো ক্রিকেটার রয়েছে, যারা এই কাজে ওকে সাহায্য করে।”

ক্রোয়ের সংযোজন, “ঋষভকে নিয়ে সত্যিই আমরা খুব খুশি। ও সত্যি করে চায় দলের ভাল হোক। সে দিনই ওকে বলতে শুনছিলাম, ‘আমি দলের হয়ে আর কী করতে পারি বলো’? যথন নেতা এই কথা বলে তখন বাকিরা তা অনুসরণ করবেই।”

Advertisement
আরও পড়ুন