রঞ্জি ট্রফিতে বাংলা দলের কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র।
রঞ্জির কোয়ার্টার ফাইনালে আগেই কয়েকটি দল জায়গা করে নিয়েছিল। রবিবার চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়ে গেল। নক আউটে কারা কাদের বিরুদ্ধে খেলছে সেই সূচিও ঠিক হয়ে গিয়েছে। গত বারের চ্যাম্পিয়ন বিদর্ভ এ বারের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। রঞ্জি থেকে বিদায় নিয়েছে তারা।
গ্রুপ পর্বে সাত ম্যাচের মধ্যে চারটি জিতে ৩১ পয়েন্ট নিয়েও শেষ আটে জায়গা করতে পারেনি বিদর্ভ। শেষ ম্যাচে উত্তরপ্রদেশকে হারিয়েছে তারা। গ্রুপ এ-তে অন্ধ্রপ্রদেশ ও ঝাড়খণ্ডেরও পয়েন্ট ৩১। কিন্তু তার পরেও তৃতীয় স্থানে তারা। গ্রুপ পর্বে অন্ধ্রপ্রদেশের কাছে হারায় তিন নম্বরে শেষ করেছে বিদর্ভ।
মহারাষ্ট্রকে হারিয়ে গ্রুপ বি-র শীর্ষে শেষ করেছে মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থানে শেষ করেছে কর্নাটক। পঞ্জাবের বিরুদ্ধে দেবদত্ত পড়িক্কলেরা মাত্র ২৮ ওভারে ২৫০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে। ১২০ রানে অপরাজিত থেকেছেন পড়িক্কল। ফলে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা।
গ্রুপ সি-র শীর্ষে নিজেদের জায়গা আগেই পাকা করে ফেলেছিল বাংলা। শেষ ম্যাচ জিতে ৩৬ পয়েন্টে শেষ করেছে তারা। চলতি মরসুমে গ্রুপ পর্বে এটি কোনও দলের সর্বাধিক পয়েন্ট। দ্বিতীয় স্থানে শেষ করেছে উত্তরাখণ্ড।
গ্রুপ ডি-র শীর্ষে শেষ করেছে মুম্বই। দ্বিতীয় স্থানে শেষ করেছে জম্মু-কাশ্মীর। ঘরোয়া ক্রিকেটে জম্মু-কাশ্মীরের ভাল ফল অব্যাহত। গ্রুপ পর্বে মাত্র ১ পয়েন্ট পেয়েছে নাগাল্যান্ড। ফলে এলিট গ্রুপ থেকে প্লেট গ্রুপে নেমে গিয়েছে তারা। প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় এলিট গ্রুপে জায়গা করে নিয়েছে বিহার। অর্থাৎ, পরের বার রঞ্জির মূলপর্বে খেলতে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে।
রঞ্জির প্রথম কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ড খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের মুখোমুখি জম্মু-কাশ্মীর। বাংলা খেলবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল। সেখানে অভিমন্যু ঈশ্বরণদের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুম্বই খেলবে কর্নাটকের বিরুদ্ধে। চারটি কোয়ার্টার ফাইনালই শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। সেখানে যদি বাংলা যেতে তা হলে সেমিফাইনালে মধ্যপ্রদেশ বনাম জম্মু-কাশ্মীর ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে নামবে তারা।