অক্ষর পটেল। —ফাইল চিত্র।
হাতে গোনা কয়েক দিন পর শুরু হবে আইপিএল। তার আগে ক্রিকেটারদের চোট-আঘাতের সমস্যা উদ্বেগ বাড়াচ্ছে দলগুলির। আইপিএলের শুরুর দিকে দলের অন্যতম প্রধান বোলারকে পাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়দের দিল্লি ক্যাপিটালস।
এখনও চোটমুক্ত নন মিচেল স্টার্ক। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে এখনও আইপিএল খেলার অনুমতি দেবে না। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তারা। তাঁদের একজন বলেছেন, ‘‘আমরা জোরে বোলারদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। সামনে আমাদের প্রচুর ক্রিকেট রয়েছে। আগামী অগস্ট থেকে পরের ১২ মাসে আমাদের টেস্ট ক্রিকেটারদের প্রায় ২১টি ম্যাচ খেলতে হবে। তার মধ্যে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সফর রয়েছে। এক দিনের বিশ্বকাপও রয়েছে। আমাদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকায় খেতাব ধরে রাখা। তাই আমরা তিনজন জোরে বোলারকে নিয়েই ধীরে এগোতে চাইছি। আগামী সপ্তাহে তিন জনের চোটের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, ওরা কবে মাঠে নামতে পারবে।’’ উল্লেখ্য, স্টার্ক ছাড়া জশ হ্যাজ়লউড এবং প্যাট কামিন্সেরও চোট রয়েছে। আইপিএলের শুরুর দিকে তিন জনের কেউই খেলতে পারবেন না।
গত অ্যাশেজ় সিরিজ়ের পাঁচটি টেস্টই খেলেছিলেন স্টার্ক। গত ১২ মাসে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার জোরে বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বল করেছেন স্টার্ক। তাই ঠাসা আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে তাঁকে নিয়ে একটু বেশিই সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত মরসুমে ১১ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কিনেছিল দিল্লি। অক্ষর পটেলের দলের হয়ে ১১টি ম্যাচে ১৪টি উইকেট নেন অস্ট্রেলিয়ার জোরে বোলার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেন পাঁচ উইকেট। এ বারও দিল্লির বোলিং আক্রমণের অন্যতম ভরসা স্টার্ক।