IPL 2026

কেকেআরের কাছে হেরে প্লেঅফের আশা ছেড়ে দিল দিল্লি, আগামী মরসুমের কথা অধিনায়ক অক্ষরের মুখে

১১টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। বাকি তিনটি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয় অক্ষর পটেলদের পক্ষে। ১০ দলের আইপিএলে কোনও দল এই পয়েন্ট নিয়ে প্লেঅফে পৌঁছোয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:৫৪
picture of cricket

অক্ষর পটেল। —ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্সের কাছে ঘরের মাঠে হেরে আইপিএলের প্লেঅফে ওঠার আশা ছেড়ে দিলেন অক্ষর পটেল। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক এখন থেকেই আগামী মরসুমের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। মেনে নিয়েছেন, তাঁরা প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি।

Advertisement

শুক্রবার কেকেআরের কাছে হারের পর হতাশা গোপন করেননি অক্ষর। দিল্লি অধিনায়ক বলেছেন, ‘‘ভুলগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আগামী মরসুমের জন্যও আমাদের পরিকল্পনা শুরু করতে হবে। দলের সব ক্রিকেটারকে কী ভাবে কাজে লাগানো যায় দেখতে হবে।’’

আইপিএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে দিল্লি। হার সাতটি। বাকি তিনটি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয় অক্ষরদের পক্ষে। ১০ দলের আইপিএলে এখনও পর্যন্ত কোনও দল এই পয়েন্ট নিয়ে প্লেঅফে পৌঁছোয়নি। তা ছাড়া পয়েন্ট তালিকায় প্রথম পাঁচে থাকা প্রতিটি দলই অন্তত ১২ পয়েন্ট করে পেয়ে গিয়েছে। শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট ১৪। তিনটি ম্যাচ বাকি তাদের। প্রথম পাঁচে থাকা বাকি চার দলের বাকি রয়েছে চারটি করে ম্যাচ।

নেট রান রেটের নিরিখে ১০টি দলের মধ্যে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে দিল্লি। এই পরিস্থিতিতে থেকে প্লেঅফে ওঠার আর সম্ভাবনা নেই অক্ষরদের। কেকেআরের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ হারার পর তা মেনেও নিয়েছেন দিল্লি অধিনায়ক। সম্ভবত সে কারণেই তাঁর মুখে আগামী মরসুমের পরিকল্পনা শুরুর কথা শোনা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন