WPL 2026

মহিলাদের আইপিএলের ফাইনালে মন্ধানাদের সামনে জেমাইমারা, এলিমিনেটরে গুজরাতকে ৭ উইকেটে হারাল দিল্লি

ডব্লিউপিএলের ফাইনালে উঠল দিল্লি ক্যাপিটালস। বুধবার এলিমিনেটর ম্যাচ জেমাইমা রদ্রিগেজেরা ৭ উইকেটে হারালেন অ্যা?সে গার্ডনারের গুজরাত জায়ান্টসকে। ৫ ফেব্রুয়ারি ফাইনালে প্রতিপক্ষ আরসিবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৬
picture of cricket

জয়ের উচ্ছ্বাস জেমাইমা রদ্রিগেজদের। ছবি: বিসিসিআই।

মহিলাদের প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে গুজরাত জায়ান্টসকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান করেন অ্যাশলে গার্ডনারেরা। জবাবে জেমাইমা রদ্রিগেজের দল ১৫.৪ ওভারে ৩ উইকেটে তুলল ১৬৯ রান। এই জয়ের ফলে ফাইনালে চলে গেল জেমাইমার দিল্লি। আগামী ৫ ফেব্রুয়ারি ফাইনালে জেমাইমারা মুখোমুখি হবেন স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

Advertisement

দিল্লির জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন অধিনায়ক জেমাইমা এবং লরা উলভার্ট। জেমাইমা করলেন ২৩ বলে ৪১। ৪টি চার এবং ১টি ছক্কা এল তাঁর ব্যাট থেকে। উলভার্ট অপরাজিত থাকলেন ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলে। ২টি চার এবং ১টি ছয় মারলেন তিনি। ভাল ব্যাট করেন দিল্লির দুই ওপেনার লিজ়েল লি এবং শেফালি বর্মাও। লি ২৪ বলে ৪৩ করেন ৮টি চার এবং ১টি ছক্কার সাহায্যে। শেফালি করেন ২১ বলে ৩১। ৭টি চার মেরেছেন ভারতীয় ওপেনার। শেষে লির সঙ্গে ২২ গজে ছিলেন মারিজ়ান কাপ (অপরাজিত ৪)।

গুজরাতের কোনও বোলারই এ দিন সুবিধা করতে পারলেন না। জর্জিয়া ওয়ারহ্যাম ২৮ রানে ২ উইকেট নিয়েছেন। ৩৩ রানে ১ উইকেট রাজেশ্বরী গায়কোয়াড়ের।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জেমাইমা। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন গুজরাতের ব্যাটারেরা। ওপেনার বেথ মুনি ৬টি চারের সাহায্যে ৫১ বলে ৬২ রানের ইনিংস খেললেও বাকিরা রান পেলেন না। সোফি ডিভাইন (৬), অনুষ্কা শর্মা (১৬), গার্ডনার (০), কণিকা আহুজা (৬) পর পর আউট হয়ে যান। ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাত। চাপের মুখে ওয়ারহ্যামের ২৫ বলে ৩৫ রানের ইনিংস গুজরাতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। শেষ দিকে কাশভি গৌতম ১০ বলে ১৮ রান করেন।

দিল্লির বোলারদের মধ্যে সফলতম চিনেলে হেনরি ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন। ৪৪ রানে ২ উইকেট নন্দিনী শর্মার। ২৩ রানে ১ উইকেট নেন মিনু মানির।

Advertisement
আরও পড়ুন