IPL 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় হতাশায় ডুবে গিয়েছিলেন বাটলার, ক্রিকেটজীবন নিয়ে অনিশ্চয়তায় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক

আইপিএলে বিদেশি ব্যাটারদের মধ্যে অন্যতম সফল জস বাটলার। গত মরসুম থেকে গুজরাত টাইটান্সের হয়ে খেলছেন। ২০২২ সালের সবচেয়ে বেশি রান করে কমলা টুপি জিতেছিলেন বাটলার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২২:২৫
picture of cricket

জস বাটলার। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি জস বাটলার। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বিশ্বকাপের আটটি ম্যাচে করেছেন ৮৭ রান। নিজের পারফরম্যান্সে বেশ হতাশ তিনি। আন্তর্জাতিক ক্রিকেটজীবন নিয়ে কিছুটা অনিশ্চয়তায় রয়েছেন। তা হলে কি আইপিএলের আগেই অবসর নেবেন?

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বাটলার বলেছেন, ‘‘বিশ্বকাপটা আমার ভীষণ খারাপ কেটেছে। অত্যন্ত হতাশাজনক। তবে গত কয়েক বছর ধরে জীবনের সেরা ক্রিকেট খেলছি। তাই এখনই আশা ছাড়ছি না। আবার সেরা ফর্মে খেলতে পারব বলেই মনে হয়।’’ আন্তর্জাতিক ক্রিকেটজীবন নিয়ে কোনও সিদ্ধান্ত নিয়েছেন? বাটলার বলেছেন, ‘‘ইংল্যান্ডের হয়ে আরও কিছু দিন খেলতে চাই। তবে আমি এখন আর অধিনায়ক নই। আমি নির্বাচকও নই। জানি না কত দিন খেলার সুযোগ পাব। যা হওয়ার তাই হবে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন বাটলার। তরতাজা হতে পরিবার নিয়ে ফ্রান্সে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন। বাটলার বলেছেন, ‘‘ক্রিকেট থেকে এর থেকে দূরে থাকা সম্ভব ছিল না। একটা নিখুঁত সময় কাটিয়েছি। বিরতিটা আমার খুব প্রয়োজন ছিল।’’

ছুটি কাটিয়ে তরতাজা হয়ে ফিরেছেন বাটলার। আশা করছেন আইপিএলে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। গুজরাত টাইটান্সের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘‘এখন বেশ তরতাজা লাগছে। ছুটিটা দারুণ কাজে লেগেছে। দারুণ উপভোগ করেছি। অনেক চাপমুক্ত লাগছে। আগে আমি কম পরিশ্রম বা অনুশীলন করছিলাম এমন নয়। তবু পারফর্ম করতে পারছিলাম না।’’

আইপিএলে বিদেশি ব্যাটারদের মধ্যে অন্যতম সফল বাটলার। ২০১৬ এবং ২০১৭ সালে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। ২০২৫ থেকে গুজরাতের ক্রিকেটার বাটলার। ২০২২ সালের আইপিএলে সবচেয়ে বেশি রান করে কমলা টুপি জিতেছিলেন বাটলার।

Advertisement
আরও পড়ুন