Abhishek Sharma

টি-টোয়েন্টির নতুন তারকা অভিষেককে একটি ব্যাপারে যত্নশীল হতে হবে, প্রাক্তন সতীর্থকে পরামর্শ শ্রীবৎসের

প্রাক্তন সতীর্থ অভিষেক শর্মাকে নিয়ে উচ্ছ্বসিত শ্রীবৎস গোস্বামী। তবে একটি ব্যাপারে অভিষেকের উন্নতি প্রয়োজন বলে মনে করেন বাংলার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৭
Picture of Abhishek Sharma

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে শতরানের পর আলোচনায় উঠে এসেছেন অভিষেক শর্মা। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞেরা। আইপিএলের প্রাক্তন সতীর্থ শ্রীবৎস গোস্বামী অবশ্য একটি পরামর্শ দিয়েছেন অভিষেককে। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত অভিষেকের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন বাংলার প্রাক্তন উইকেটরক্ষক।

Advertisement

প্রাক্তন সতীর্থকে খানিকটা খোঁচা দিয়েছেন একটি বিষয় নিয়ে। শ্রীবৎস জানিয়েছেন, একটি ব্যাপারে যত্নবান হওয়া প্রয়োজন অভিষেকের। রসিকতা করে শ্রীবৎস বলেছেন, ‘‘অভিষেকের ঘর সব সময় অন্ধকার থাকে। স্যাঁতস্যাঁত করে। অগোছালো করে রাখে। যেখানে সেখানে জামা-কাপড় পড়ে থাকে।’’ সকালে সময় মতো অভিষেক ঘুম থেকে উঠতে পারেন না বলেও জানিয়েছেন শ্রীবৎস।

রসিকতার পর ব্যাটার অভিষেকের প্রশংসা করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। শ্রীবৎস বলেছেন, ‘‘ব্যাটার হিসাবে অভিষেককে কৃতিত্ব দিতেই হবে। নিজের ক্রিকেট নিয়ে ভীষণ যত্নশীল। কোচদের সব সময় বলত ওকে ওপেনার হিসাবে সুযোগ দিতে। ব্যাটার হিসাবে ভয়ডরহীন। নিষ্ঠুর পরিকল্পনা করে খেলতে নামে। ওর ব্যাটিং দেখলেই সেটা বোঝা যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের ইনিংসটাই প্রমাণ করে, অভিষেক কতটা আগ্রাসী ব্যাটার।’’

বোলার অভিষেককে গড়ে তোলার জন্য শ্রীবৎস কৃতিত্ব দিয়েছেন হায়দারাবাদের স্পিন বোলিং কোচ মুথাইয়া মুরলিথরনকে। তিনি বলেছেন, ‘‘মুরলিথরন ওকে বোলার হিসাবে তৈরি করেছে। ব্যাটিং অনুশীলনের পর নেটে ওকে টানা বল করার জন্য উৎসাহিত করত। হায়দরাবাদ কর্তৃপক্ষও ওকে ঘরোয়া ক্রিকেটে আরও বেশি বোলিং করার কথা বলেছিল। তাতে অভিষেকের উপকার হয়েছে।’’

অভিষেকের সাফল্যে খুশি শ্রীবৎস। তাঁর আশা, অদূর ভবিষ্যতে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে পাকা জায়গা করে নিতে পারবেন পঞ্জাবের ব্যাটার।

Advertisement
আরও পড়ুন