Suryakumar Yadav

৫ ক্রিকেটার: সূর্যের চাকরি গেলে ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হতে পারেন যাঁরা

ব্যাটিং ফর্মের জন্য ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের আসন টলমল। তাঁকে সরিয়ে দিলে দলের নতুন অধিনায়কের দৌড়ে কারা রয়েছেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৭:১৮
cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে গৌতম গম্ভীর, অজিত আগরকরকে। দেশকে বিশ্বকাপ জিতিয়েও চাকরি যেতে পারে সূর্যকুমার যাদবের। তার একমাত্র কারণ, তাঁর ব্যাটিং ফর্ম। রানের খরার কারণেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমারের আসন টলমল। তাঁকে সরিয়ে দিলে ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন পাঁচ ক্রিকেটার।

Advertisement

১) শুভমন গিল

ইতিমধ্যেই ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত ছোট ফরম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন। কিন্তু বিশ্বকাপের দলে জায়গা পাননি। ভারতে সাধারণত, ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়কের রীতি নেই। এক জনকেই তিন ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয়। কোচ গম্ভীরেরও প্রিয় পাত্র শুভমন। ফলে সূর্যের চাকরি গেলে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে শুভমনই।

২) হার্দিক পাণ্ড্য

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রোহিত শর্মা দায়িত্ব ছাড়লে সকলে ভেবেছিলেন হার্দিকই অধিনায়ক হবেন। কারণ, তার আগের এক বছরে রোহিতের অনুপস্থিতিতে তিনিই দায়িত্ব সামলেছিলেন। কিন্তু হার্দিককে অধিনায়ক করা হয়নি। এমনকি, সহ-অধিনায়কও নয়। কিন্তু আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তিনি। সেখানে তাঁর অধীনে খেলেন সূর্য। হার্দিক এখন শুধু সাদা বলের ক্রিকেটই খেলেন। ফলে সূর্যের বদলে হার্দিককেও দায়িত্ব দেওয়া হতে পারে।

৩) সঞ্জু স্যামসন

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের নায়ক সঞ্জু। বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন। আইপিএলে দীর্ঘ সময় রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করেছেন। তাঁর নেতৃত্বে রাজস্থান ফাইনালও খেলেছে। ফলে সঞ্জুর উপরেও ভরসা দেখাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৪) অক্ষর পটেল

সাধারণত কোনও দলের অধিনায়ককে সরিয়ে দেওয়া হলে সহ-অধিনায়ক দায়িত্ব পান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যের ডেপুটি ছিলেন অক্ষর। এখনও ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষরকে ভারতীয় দলেরও দায়িত্ব দিতে পারে বোর্ড।

৫) শ্রেয়স আয়ার

আপাতত ভারতের টি-টোয়েন্টি দলে নেই তিনি। ভাল খেলেও জায়গা পাননি বিশ্বকাপে। কিন্তু নির্বাচকেরা বার বার তাঁর কথা বলেন। তাঁর নেতৃত্বে আইপিএলে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস ফাইনালে উঠেছে। ২০২৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়নও করেছেন। এ বারও পঞ্জাব ভাল খেলছে। যা পরিস্থিতি, তাতে ভারতের টি-টোয়েন্টি দলে আবার ঢুকে পড়তে পারেন শ্রেয়স। তাঁর যা রেকর্ড তাতে তাঁকে অধিনায়কও করে দিতে পারেন গম্ভীর, আগরকরেরা।

Advertisement
আরও পড়ুন