India vs England 2025

বলে ভেসলিন লাগিয়ে জিতেছে ভারত! শুভমনদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ পাকিস্তানের ক্রিকেটারের

ওভাল টেস্টে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়‌ ড্র করেছে ভারত। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের দাবি, ভারতীয় বোলারেরা অসাধু উপায়ে ইংল্যান্ড ক্রিকেটারদের আউট করেছেন। ভারতের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১১:৪৬
cricket

সিরাজদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ। ছবি: পিটিআই।

ওভাল টেস্টে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়‌ ড্র করেছে ভারত। সাহসী বোলিংয়ে জিতিয়েছেন মহম্মদ সিরাজ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাব্বির আহমেদের দাবি, ভারতীয় বোলারেরা অসাধু উপায়ে ইংল্যান্ডের ব্যাটারদের আউট করেছেন। ভারতের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনেছেন তিনি।

Advertisement

সমাজমাধ্যমে শাব্বির লিখেছেন, “আমার ধারণা ভারত বলে ভেসলিন লাগিয়েছে। না হলে ৮০ ওভার হওয়ার পরেই বল অতটা চকচকে থাকে কী করে। আম্পায়ারদের উচিত ওই বল গবেষণাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করা।” যদিও শাব্বিরের কথায় কেউই বিশেষ পাত্তা দিচ্ছেন না। গোটা সিরিজ়‌েই ভারতের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ কারও মুখে শোনা যায়নি। ভারতীয় সমর্থকদের কটাক্ষ, ভারতের সাফল্য সহ্য করতে না পেরেই এ সব বলছেন শাব্বির। কেউ কেউ আবার পাকিস্তানের বল বিকৃতি এবং ম্যাচ গড়াপেটার ইতিহাস মনে করিয়ে দিয়েছেন।

ওভালের পিচকে অনেকেই সিরিজ়‌ের সেরা পিচ বলছেন। প্রথম চারটি টেস্টে পাটা পিচ থাকলেও পঞ্চম টেস্টের পিচে আগাগোড়া সাহায্য ছিল বোলারদের জন্য। দুই দলের বোলারেরাই সুবিধা পেয়েছেন। আবার চারটি ইনিংস মিলিয়ে হাজারের বেশি রানও হয়েছে। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ভারতকে জেতান মহম্মদ সিরাজ।

ম্যাচের পর সেই সিরাজ বলেছিলেন, ‘‘খুব সাধারণ পরিকল্পনা ছিল। আলাদা কিছু ভাবিনি। লক্ষ্য ছিল শুধু সঠিক জায়গায় বল রাখার। তাতে আউট হলে হবে। ছয় হলেও হবে। ঠিক জায়গায় বল রেখেই সাফল্য এসেছে।’’

চতুর্থ দিন হ্যারি ব্রুকের ক্যাচ ধরেও বাউন্ডারির দড়িতে পা দিয়ে ফেলেছিলেন সিরাজ। গোটা দেশে সমালোচিত হয়েছিলেন। সেই ক্যাচ নিয়ে সিরাজের বক্তব্য, ‘‘ইংল্যান্ড তখন টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে ব্যাট করছিল। আমাদের লক্ষ্য ছিল বড় রান আটকানো। খেয়াল করিনি অতটা পিছিয়ে গিয়েছিলাম। ক্যাচ ধরার পরই বুঝেছিলাম দড়িতে পা ঠেকে গিয়েছে। ওই ঘটনা ম্যাচের রং বদলে দিয়েছিল। তবু আমরা কখনও হাল ছাড়িনি। তাই জয় এসেছে। ঈশ্বরকে ধন্যবাদ।’’

Advertisement
আরও পড়ুন