India Wins ICC T20 World Cup 2026

বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেলেন চার ভারতীয়, কাদের বেছে নিল আইসিসি? দলে নেই ফাইনাল খেলা নিউ জ়িল্যান্ডের কেউ!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিনই সেরা একাদশ বেছে নিল আইসিসি। সেই দলে সুযোগ পেয়েছেন চার জন ভারতীয় ক্রিকেটার। ফাইনাল খেলা নিউ জ়িল্যান্ডের একজন ক্রিকেটারও প্রথম একাদশে সুযোগ পাননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২০:১০
cricket

বিশ্বকাপ হাতে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিনই সেরা একাদশ বেছে নিল আইসিসি। সেই দলে সুযোগ পেয়েছেন চার জন ভারতীয় ক্রিকেটার। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার দু’জন, ইংল্যান্ডের দু’জন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ়, জ়িম্বাবোয়ে এবং আমেরিকা থেকে একজন করে সুযোগ পেয়েছেন। ফাইনাল খেলা নিউ জ়িল্যান্ডের একজন ক্রিকেটারও প্রথম একাদশে সুযোগ পাননি।

Advertisement

সেরা দল বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তনী ইয়ান বিশপ, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান, কোচ তথা ধারাভাষ্যকার নাটালি জার্মানোস, আইসিসি-র প্রতিনিধি গৌরব সাক্সেনা এবং শ্রীলঙ্কার ক্রীড়া সাংবাদিক রেক্স ক্লিমেন্টাইন।

ভারত থেকে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য এবং জসপ্রীত বুমরাহ। সঞ্জু ওপেন করবেন পাকিস্তানের সাহিবজ়াদা ফারহানের সঙ্গে। সুপার এইটে পাকিস্তানের দৌড় শেষ হয়ে গেলেও ফারহান বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৭ ম্যাচে ৩৮৩ রান করেছেন। যে কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই সর্বোচ্চ রান। তিনি একই বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসাবে দু’টি শতরান করেছেন। সঞ্জু ৫ ম্যাচে ৩২১ রান করেছেন। ভারতকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। শেষ তিনটি ম্যাচে তাঁর পারফরম্যান্সই তফাত গড়ে দিয়েছে।

তিনে নামবেন ঈশান কিশন, যিনি ৯ ম্যাচে ৩১৭ রান করেছেন। ফাইনাল-সহ তিনটি ম্যাচে অর্ধশতরান রয়েছে তাঁর। তার আগে দু’টি ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ৪০ বলে ৭৭ তাঁর সেরা পারফরম্যান্স। চারে নামবেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। বিশ্বকাপে অবশ্য তিনি ওপেন করেছেন। ৮ ম্যাচে ২৮৬ রান করেছেন। প্রোটিয়াদের টানা সাতটি ম্যাচ জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

পাঁচে নামবেন হার্দিক। গত কয়েক বছরে এই অলরাউন্ডার ভারতীয় দলে নির্ভরযোগ্য হয়ে উঠেছেন। সাদা বলের ক্রিকেটে ভরসা থাকে তাঁর উপর। বিশ্বকাপে ৯ ম্যাচে ২১৭ রান করার পাশাপাশি ৯টি উইকেটও নিয়েছেন। দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর। পাকিস্তানের বিরুদ্ধে ভাল বল করেছিলেন। ছয়ে থাকছেন ইংল্যান্ডের উইল জ্যাকস। তিনি ৮ ম্যাচে ২২৬ রান করেছেন এবং ৯টি উইকেট নিয়েছেন। তাঁর অফস্পিন বোলিং ভারতের মন্থরগতির পিচে কাজে লেগেছে।

ওয়েস্ট ইন্ডিজ়ের জেসন হোল্ডার নামবেন সাতে। লোয়ার অর্ডারে তাঁর মারকুটে ব্যাটিং সাহায্য করেছে ওয়েস্ট ইন্ডিজ়কে। নেপালের বিরুদ্ধে তাঁর ২৭ রানে ৪ উইকেট দলকে জেতায়। আটে রয়েছেন বুমরাহ। তিনি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী। পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার, বুমরাহ সব জায়গাতেই উইকেট নিতে স্বচ্ছন্দ।

বাকি তিন বোলার হলেন দক্ষিণ আফ্রিকার লুনগি এনগিডি, ইংল্যান্ডের আদিল রশিদ এবং জ়িম্বাবোয়ের ব্লেসিং মুজ়ারাবানি। দ্বাদশ ব্যক্তি হিসাবে থাকছেন আমেরিকার শ্যাডলি ফান স্কালকুইক।

Advertisement
আরও পড়ুন