বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।
চলতি আইপিএলে তাক লাগিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী। যে ভাবে গোটা প্রতিযোগিতায় খেলেছে তা অবাক করেছে সকলকে। ৬৮০ রান করে কমলা টুপির দৌড়ে রয়েছে সে। প্রশ্ন উঠছে, এত ভাল কী করে খেলছে বৈভব? তার বয়স কি সত্যিই ১৫ বছর? দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাতের মুখোমুখি হওয়ার আগে এমন প্রশ্নই করা হয়েছিল তাদের সহকারি কোচ পার্থিব পটেলকে। তিনি কড়া ভাষায় তার জবাব দিয়েছেন।
অতীতেও বৈভবের বয়স নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর শারীরিক গঠন এবং শট মারার ক্ষমতা দেখে অনেকেই বলেছিলেন, বৈভবের বয়স ১৫-র বেশি। যদিও পরে এক সাক্ষাৎকারে বৈভবের বাবা সেই বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।
পার্থিব বলেছেন, “যে ভাবে ও ব্যাট করছে সেটা দেখতে খুবই ভাল লাগছে। ওর বয়স নিয়ে কথা বলাই উচিত নয় আমাদের। আশা করি বিষয়টা নিয়ে কথা বলা এ বার বন্ধ হবে। ও অসামান্য প্রতিভা। যে ভাবে খেলছে সেটা চোখ জুড়িয়ে দেবে। বিপক্ষ দলের দৃষ্টিভঙ্গি থেকে আমি চাই কাল যেন এমন ইনিংস খেলতে না পারে।”
বৈভবকে আটকানো কতটা দরকার তা আগের দিন বুঝেছে হায়দরাবাদ। গুজরাতের কাছে কি কোনও পরিকল্পনা রয়েছে? পার্থিবের জবাব, “আমি তো সম্প্রচারকারী চ্যানেলে কাজ করি না। তাই কী পরিকল্পনা রয়েছে সেটা এখনই বলতে পারব না। ওর ব্যাটিং ভাল লাগে। আশা করি কাল ওকে দ্রুত আউট করতে পারব। বাকিদের মতো আমাদেরও নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ওর ভিডিয়োও দেখেছি। আশা করি নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারব। কিন্তু পরিকল্পনার কথা এখন বলব না। কাল মাঠে দেখতে পাবেন।”
চলতি আইপিএলে দু’বার মুখোমুখি হয়েছে গুজরাত এবং রাজস্থান। বৈভব একটি ম্যাচে ৩১, অপর ম্যাচে ৩৬ রান করেছে।