India Cricket

বৈভবের মতো মারতে পারব না! জানিয়ে দিলেন অভিষেক, ১৪ বছরের সূর্যবংশীর সঙ্গে খুনসুটি হার্দিক, সঞ্জুর

বৈভব সূর্যবংশীই মধ্যমণি। তাকে নিয়ে বার বার কথা বললেন হার্দিক পাণ্ড্য, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মারা। প্রত্যেকেই হতবাক ১৪ বছরের বৈভবের ব্যাটিং দেখে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২২:৫৯
cricket

(বাঁ দিক থেকে) হর্ষ ভোগলে, বৈভব সূর্যবংশী, হার্দিক পাণ্ড্য, সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ছবি: ভিডিয়ো থেকে।

মঞ্চে তখন হার্দিক পাণ্ড্য, সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। গত সপ্তাহেই তিন জন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। অথচ মঞ্চের সব আলো কেড়ে নিচ্ছে ১৪ বছরের বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে কার্যত আইপিএলের উদ্বোধন করে দিলেন সঞ্চালক হর্ষ ভোগলে। আইপিএলের চার তারকাকে ডেকে নিলেন তিনি। সেখানে হার্দিক, সঞ্জুদের ছাপিয়ে আলোচনার কেন্দ্রে বৈভব।

Advertisement

দু’সপ্তাহ পরেই শুরু আইপিএল। হর্ষ এমন চার জনকে ডেকেছিলেন যাঁদের মধ্যে দু’জন অভিজ্ঞ। দু’জন তুলনায় নতুন। সঞ্জু ২০১৩ ও হার্দিক ২০১৫ সাল থেকে আইপিএল খেলছেন। চার জনকে কয়েকটি প্রশ্ন করলেন হর্ষ। একই প্রশ্নের জবাব দিলেন তাঁরা। সেখানেই বৈভবের প্রসঙ্গ বার বার এল।

হর্ষ— আইপিএলের প্রথম ম্যাচ মনে আছে?

সঞ্জু— কেরল থেকে কয়েকটা রঞ্জি খেলে একটা ছেলে এসেছিল আইপিএল খেলতে। রাহুল ভাই ট্রায়ালে ডেকেছিল। সেখান থেকে জীবন বদলে গেল। অনেক কিছু শিখলাম। আইপিএল জীবন বদলে দিয়েছে।

হার্দিক— খুব মজা লাগছিল। মুম্বইয়ের হয়ে সুযোগ পাওয়া স্বপ্নের মতো ছিল। প্রতিটা মুহূর্ত উপভোগ করছিলাম।

অভিষেক— সিরাজ বল করছিল। প্রথম বল মিড অফের উপর দিয়ে মেরেছিলাম। আমার প্রথম অধিনায়ক গম্ভীর স্যর।

বৈভব— লখনউয়ের বিরুদ্ধে খেলা ছিল। কভারের উপর দিয়ে ছক্কা মেরেছিলাম।

হর্ষ— প্রথম ফোন কী ব্যবহার করেছিলে?

সঞ্জু— মোটোরোলার ফ্লিপ ফোন ছিল।

হার্দিক— মোটোরোলার ফোন ছিল।

অভিষেক— স্যামসাংয়ের ফোন ছিল। তবে আমাদের দলে একজনই আইফোন ব্যবহার করত। তার নাম শুভমন গিল।

বৈভব— আমি ফোন ব্যবহার করি না। (সঞ্জু বলেন, ওর দুটো ফোন আছে। কিন্তু কারও সামনে বার করে না।)

হর্ষ— প্রথম ভিডিয়ো গেম কী খেলেছিলে?

সঞ্জু— পিএস৪।

হার্দিক— ডব্লিউডব্লিউই।

অভিষেক— ক্রিকেট ইএ স্পোর্টস।

বৈভব— আমি ভিডিয়ো গেম খেলি না। (হার্দিক বলেন, ওর ব্যাটিংটাই ভিডিয়ো গেমের মতো। অভিষেকের কথায়, বৈভবের মতো মারতে পারব না।)

হর্ষ— প্রথম বাইক বা গাড়ি কী ছিল?  

সঞ্জু— ওয়াগন আর।

হার্দিক— মারুতি ৮০০।

অভিষেক— হন্ডা অ্যাক্টিভা স্কুটি।

বৈভব— আমার গাড়ি নেই। (হার্দিক বলেন, এই যে কয়েক দিন আগে একটা গাড়ি উপহার পেলি। তা শুনে সঞ্জুর জবাব, ওর এখনও লাইসেন্স নেই। তাই গাড়ি নেই বলল।)

হর্ষ— প্রথম স্টেডিয়ামে দেখা ম্যাচ কোনটা?  

সঞ্জু— কোনও দিন স্টেডিয়ামে খেলা দেখিনি। আমার খেলা প্রথম ম্যাচটাই আমার দেখা প্রথম ম্যাচ।

হার্দিক— বডোদরায় ভারত বনাম অস্ট্রেলিয়া। সালটা বোধহয় ২০১০।

অভিষেক— আইপিএলের কেকেআর বনাম পঞ্জাব কিংস ফাইনাল। ২০১৪ সাল।

বৈভব— ইডেনে কেকেআর বনাম রাইজ়িং পুণে সুপার জায়ান্টসের ম্যাচ।

হর্ষ— প্রিয় ক্রিকেটার কে?  

সঞ্জু— সচিন তেন্ডুলকর।

হার্দিক— ওয়াসিম জ়াফর। ওঁর মতো শট মারার চেষ্টা করতাম।

অভিষেক— যুবরাজ সিংহ।

বৈভব— যুবরাজ সিংহ ও ব্রায়ান লারা।

হর্ষ— প্রিয় সিনেমা কোনটা?

সঞ্জু— রজনীকান্ত স্যরের যে কোনও সিনেমা।

হার্দিক— একটু অবাক হবেন। গডজ়িলা।

অভিষেক— থ্রি ইডিয়টস।

বৈভব— ধুরন্ধর। (শুনে সকলেই হেসে ফেলেন)

Advertisement
আরও পড়ুন