IPL 2026

‘নাগালের মধ‍্যে বল পেলে উড়িয়ে দেব!’ আইপিএলে নামার আগে দ্রাবিড়কে বলেছিল বৈভব, এ বার কী লক্ষ্য, জানাল সূর্যবংশী

গত বার আইপিএল খেলতে নেমে নজর কেড়েছিল বৈভব সূর্যবংশী। প্রথম ম্যাচের আগে রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়কে কী বলেছিল সে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২১:৪৭
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

আইপিএলের প্রথম বলেই ছক্কা মেরেছিল বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছরের ব্যাটারের মারমুখী মেজাজ দেখে অবাক হয়েছিল ক্রিকেটবিশ্ব। পরের এক বছরে তারকা হয়ে গিয়েছে সে। গত বার আইপিএলের প্রথম ম্যাচে নামার আগে রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়কে বৈভব কী বলেছিল, সে কথা ফাঁস করলেন সঞ্জু স্যামসন।

Advertisement

গত বার রাজস্থানের অধিনায়ক ছিলেন সঞ্জু। তাই সেই কথোপকথনের সাক্ষী তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে সঞ্চালক হর্ষ ভোগলে বৈভবকে প্রশ্ন করেন, “তোমার দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি দেড় দিন, দু’দিন ব্যাট করতেন। তিনি তোমাকে কী বলেছিলেন?” বৈভব কিছু বলার আগেই সঞ্জু বলেন, “আমি এখানে বলতে চাই। আগের দিন রাহুল ভাই বলল, ‘বৈভবের সঙ্গে কথা বলা উচিত। বাচ্চা ছেলে কাল প্রথম খেলবে।’ বৈভব আসার পর রাহুল ভাই বলল, ‘কালকের জন্য কী পরিকল্পনা করেছ?’ শুনে বৈভব বলল, ‘কোনও পরিকল্পনা নেই স্যর। যদি প্রথম বল নাগালের মধ্যে পাই তো উড়িয়ে দেব।’” এই কথা শুনে হেসে ফেলেন সেখানে উপস্থিত সকলে।

ঠিক সেটাই করেছিল বৈভব। তার এখনও মনে রয়েছে সেই কথা। বৈভব বলল, “লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলছিলাম। প্রথম বলটাই কভারের উপর দিয়ে ছক্কা মেরেছিলাম।” গত বার রাজস্থানের শিবিরের কথাও মনে আছে বৈভবের। তার কথায়, “প্রথম শিবিরে গিয়ে রাহুল স্যরের সঙ্গে দেখা হয়েছিল। ওঁর কাছে অনেক কিছু শিখেছি। বড় বড় ক্রিকেটারদের সঙ্গে খেলার সুবিধা পেয়েছি।”

গত বার বৈভবকে কিনলেও বহু দিন ধরে তার উপর নজর রেখেছিল রাজস্থান। সে কথা জানত বৈভবও। বিহারের ১৪ বছরের ক্রিকেটার বলল, “ঘরোয়া ক্রিকেটে অভিষেকের পর থেকে রাজস্থান আমার উপর নজর রেখেছিল। পরে অনূর্ধ্ব-১৯ স্তরেও দেখেছে। তার পর ওরা নিয়েছে। ওদের দলে গিয়ে অনেক উন্নতি করেছি।”

বেশির ভাগ ম্যাচে তার বিধ্বংসী রূপ দেখা গেলেও বৈভব জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করে সে। বৈভব বলল, “আমার স্বাভাবিক খেলাই হল হাত খুলে খেলা। তবে তার মানে এই নয়, প্রতি বলে চালাব। পরিস্থিতি দেখে খেলার চেষ্টা করি। দলের জন্য খেলি।” গত বার নজর কাড়লেও প্লে-অফে উঠতে পারেনি রাজস্থান। এ বার দলকে চ্যাম্পিয়ন করাই তার লক্ষ্য। বৈভব বলল, “এই মরসুমে দলকে চ্যাম্পিয়ন করাই আমার লক্ষ্য। দল জিতলে তবেই আমার পারফরম্যান্সের দাম পাব। দলকে জেতাতেই নামব।”

Advertisement
আরও পড়ুন