ICC T20 World Cup 2026

সূর্যদের নিজেদের হাতে নেই সেমিফাইনালে ওঠার অঙ্ক! বাকি দু’ম্যাচ জিতলেও অপেক্ষা করতে হবে অন্য সমীকরণ মেলার

বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। এই হারের ফলে সূর্যকুমার যাদবদের সেমিফাইনালে ওঠার সুযোগ কমেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭
cricket

আউট হয়ে হতাশ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

সূর্যকুমার যাদব যতই বলুন, হাতে এখনও দু’ম্যাচ আছে, এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ ভারতের কমেছে। বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। শুধু হার নয়, ৭৬ রানে লজ্জার হার হয়েছে সূর্যদের। এই হারের ফলে সরাসরি সেমিফাইনালে ওঠার সুযোগ কমেছে ভারতের। গ্রুপের বাকি দুই ম্যাচ জিতলেও অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সূর্যদের।

Advertisement

রবিবারের ম্যাচের পর ‘এক্স’ গ্রুপে সকলের উপরে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ২। নেট রানরেট +৩.৮০০। ভারত সকলের নীচে। তাদের নেট রানরেট -৩.৮০০। ওয়েস্ট ইন্ডিজ় ও জ়িম্বাবোয়ে এখনও সুপার এইটে কোনও ম্যাচ খেলেনি।

ভারতের বাকি দুই ম্যাচ রয়েছে জ়িম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ের মাঠে জ়িম্বাবোয়ে ও ১ মার্চ ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলবেন সূর্যেরা। এই দুই ম্যাচ ভারত জিতলে তাদের পয়েন্ট হবে ৪।

কিন্তু ৪ পয়েন্টে যাওয়ার সুযোগ তিন দলের রয়েছে। ভারতকে প্রার্থনা করতে হবে, দক্ষিণ আফ্রিকা যেন বাকি দুই ম্যাচও জেতে। তা হলে তাদের পয়েন্ট হবে ৬। সে ক্ষেত্রে ভারত বাকি দুই ম্যাচ জিতলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে। কারণ, এই অঙ্ক মিললে জ়িম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজ় ২ পয়েন্টের বেশি পাবে না।

কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি জ়িম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে কারও কাছে হারে ও ভারত তাদের বাকি দুই ম্যাচ জেতে তার পরেও তিন দলের ৪ পয়েন্টে যাওয়ার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে নেট রানরেটের উপর বিচার হবে যে কোন দুই দল সেমিফাইনালে উঠবে। ভারত ৭৬ রানে হারায় নেট রানরেট বড় ধাক্কা খেয়েছে। ফলে ভারতকে তাদের পরের দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি প্রার্থনা করতে হবে যে, দক্ষিণ আফ্রিকা হারলেও যেন ব্যবধান বেশি না হয়।

তবে এ সবই পরের অঙ্ক। আগে ভারতকে তাদের পরের দুই ম্যাচ জিততেই হবে। কারণ, এর পর আর একটি ম্যাচ হারলে আর প্রায় কোনও অঙ্কেই সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে না সূর্যদের।

Advertisement
আরও পড়ুন