ICC T20 World Cup 2026

ভারতে বিশ্বকাপের খেলা দেখতে আসার টাকা নেই, ব্যবসায়ীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জ়িম্বাবোয়ের সমর্থকদের

টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে জ়িম্বাবোয়ে। সুপার এইটে উঠেছে তারা। এ বার ভারতের মাটিতে খেলা। কিন্তু জ়িম্বাবোয়ের সমর্থকদের সমস্যা অর্থের অভাব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯
cricket

বিশ্বকাপের ম্যাচে জ়িম্বাবোয়ের সমর্থকদের উল্লাস। —ফাইল চিত্র।

শ্রীলঙ্কার মাঠে জ়িম্বাবোয়ের ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে ‘ব্রাস ব্যান্ড’ ও ‘ক্যাসল কর্নার’দের। রঙিন পোশাক পরে ব্যান্ড বাজিয়ে নেচে, গেয়ে মাতিয়ে রেখেছেন তাঁরা। কিন্তু বিশ্বকাপের সুপার এইটে কি তাঁদের দেখা যাবে? অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আর্থিক সাহায্যের আবেদন করেছেন জ়িম্বাবোয়ের সমর্থকেরা।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে জ়িম্বাবোয়ে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে উঠেছে তারা। এ বার ভারতের মাটিতে খেলা। কিন্তু জ়িম্বাবোয়ের সমর্থকদের সমস্যা অর্থের অভাব। কোনও রকমে শ্রীলঙ্কায় গিয়ে তাঁরা খেলা দেখেছেন। কিন্তু এ বার তাঁরা কী করবেন? ভারতে হোটেল ও খাবার খরচ, টিকিটের খরচ তাঁরা কী ভাবে জোগাড় করবেন তা বুঝতে পারছেন না।

এই পরিস্থিতিতে নিজেদের দেশের ব্যবসায়ীদের কাছে আবেদন করেছে ‘ব্রাস ব্যান্ড’ ও ‘ক্যাসল কর্নার’। জ়িম্বাবোয়ের সমর্থকদের দু’টি গোষ্ঠীর এই নাম। ‘ব্রাস ব্যান্ড’ গ্রুপের প্রধান পল মুঙ্গোফা বলেন, “স্থানীয় ব্যবসায়ীদের আবেদন করেছি। আমরা মাঠে থাকলে অন্য রকমের পরিবেশ তৈরি করি। তাতে আমাদের দল আরও ভাল খেলে। তাই আমাদের আবেদন, বিশ্বকাপে থাকা-খাওয়ার খরচ যদি তাঁরা দেন তো ভাল হয়।”

পল আরও জানিয়েছেন, তাঁরা মাঠে থাকলে অনেক তফাত গড়ে দিতে পারেন। পল বলেন, “আমাদের ব্রাস ব্যান্ড ও ক্যাসল কর্নারের সদস্যেরা সব সময় নাচ-গান করে। সারা ক্ষণ আমাদের ক্রিকেটারদের উজ্জীবিত করে। আমাদের পূর্বসুরিদের ঐতিহ্য বহন করছি আমরা। খেলার মাঠেও সেটা দেখা যায়।” সদস্য গ্রুপের আর এক কর্তা মালভিন কোয়ারাম্বা বলেন, “আমরা প্রতিটা ম্যাচ দেখতে গিয়েছি। প্রতিটা মাঠে গিয়েছি। দলের জয়ে উল্লাস করেছি। ওদের সঙ্গে কেঁদেছি। ওরা তো আমাদের পরিবার। ওদের জন্যই আমরা মাঠে যাব।”

সমর্থকদের এই ভালবাসার কথা জানিয়েছেন জ়িম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজাও। তিনি বলেন, “ওঁরা নিজেদের পকেটের পয়সা দিয়ে হাজার হাজার কিলোমিটার দূর থেকে খেলা দেখতে এসেছেন। আমাদের জন্য সারা ক্ষণ গলা ফাটাচ্ছেন। ওঁদের কাছে আমরা কৃতজ্ঞ।” শ্রীলঙ্কা ছেড়ে এ বার ভারতে আসতে হবে জ়িম্বাবোয়ের সমর্থকদের। তবে শ্রীলঙ্কাকে ভুলতে পারছেন না তাঁরা। সেখানকার মাটিতেই একটি স্বপ্ন দেখতে শুরু করেছেন তাঁরা। ভারতের মাটিতে সেই স্বপ্নের পূর্ণতা চান। কিন্তু সেই পথে সবচেয়ে বড় সমস্যা অর্থ। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ের মাটিতে ভারতের বিরুদ্ধে যখন সিকন্দরেরা নামবেন, তখন কি গ্যালারিতে দেখা যাবে‘ব্রাস ব্যান্ড’ ও ‘ক্যাসল কর্নার’দের। সংশয় রয়েছে।

Advertisement
আরও পড়ুন