ভারত এবং পাকিস্তানের সমর্থকেরা। — ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হতে বাকি আর ৯ দিন। এখনও স্পষ্ট নয় সেই ম্যাচ হবে কি না। কারণ সরকারের নির্দেশে পাকিস্তান সেই ম্যাচ খেলবে না বলে আগেই ঘোষণা করে দিয়েছে। ফলে সেই ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিল আইসিসি। যদি পাকিস্তানের অবস্থান বদল হয় এবং তারা ম্যাচ খেলতে রাজি হয়, তখন আবার টিকিট বিক্রি শুরু করা হতে পারে।
ভারত এবং পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হওয়ার পর মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গিয়েছিল। অনেকেই অপেক্ষা করেছিলেন দ্বিতীয় পর্বের জন্য। হোটেল, বিমান বুকও করে ফেলেছিলেন অনেক সমর্থক। পাকিস্তান সত্যিই না খেললে সবই ক্ষতি হবে। পাশাপাশি, শ্রীলঙ্কার বিরাট আর্থিক ক্ষতি হবে। ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে পাকিস্তানকে সিদ্ধান্ত নতুন করে বিবেচনা করার অনুরোধ করা হয়েছে।
আইসিসি-র ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে, দ্রুত টিকিট বিক্রির ঘোষণা করা হবে। আইসিসি-র এক সূত্র বলেছেন, “যে হেতু পিসিবি-র থেকে কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি, তাই আইসিসি টিকিট বিক্রি বন্ধ রেখেছে। এই অনিশ্চয়তার মধ্যে আইসিসি আর আর্থিক ক্ষতি করতে চায় না। টিকিট বিক্রি শুরু করার আগে আইসিসি নিশ্চিত করতে চায় যে ম্যাচটা হবে। বিক্রি শুরু হলে কয়েক ঘণ্টার মধ্যে টিকিট শেষ হয়ে যাবে।”
পাকিস্তানকে নিয়ে এখনই কড়া অবস্থান নেওয়ার পথে হাঁটছে না আইসিসি। চেষ্টা করা হচ্ছে ভারত ম্যাচে খেলতে রাজি করানোর। পাকিস্তান যাতে মুখরক্ষার জন্য একটি জোরালো যুক্তি দেখিয়ে সিদ্ধান্ত বদলাতে পারে, তার চেষ্টা করা হচ্ছে।