ICC T20 World Cup 2026

ইডেনের ৯৭ বদলে দিয়েছে সব কিছু! ছাঁটাইয়ের দলে থাকা সঞ্জুই এখন মাস্টারমশাই, অফ ফর্মের অভিষেকের জন্য স্যামসনকে এগিয়ে দিচ্ছে দল

ইংল্যান্ডকে সমীহ করলেও নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁর আশা, বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৬:৫৭
picture of cricket

সঞ্জু স্যামসন। ছবি: পিটিআই।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৫৫ রানের ইনিংস বাদ দিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মা ব্যর্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে তাঁর উপর ভরসা রাখতে পারছেন না ক্রিকেটপ্রেমীদের একাংশ। ভারতীয় শিবির অবশ্য আস্থা হারাতে রাজি নয়। ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল অবশ্য সঞ্জু স্যামসনের থেকে অভিষেককে শেখার পরামর্শ দিয়েছেন।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৯৭ রানের ইনিংস খেলার পর ভারতীয় শিবিরে সঞ্জুর গুরুত্ব যেন হঠাৎ অনেকটা বেড়ে গিয়েছে। প্রতিযোগিতার শুরুতে প্রথম একাদশ থেকে ছিটকে যাওয়া সঞ্জুকে দেখেই শেখার চেষ্টা করছেন বাকিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে তিনিই যেন মাস্টারমশাই। বিশেষ করে অভিষেকের জন্য। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনই বলেছেন মর্কেল।

ভারতের বোলিং কোচকে প্রশ্ন করা হয় বৃহস্পতিবার অভিষেককে কি প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হবে? উত্তরে মর্কেল সঞ্জুর উদাহরণ দিয়ে বলেছেন, ‘‘খেলাটাকে অনেক সময় কঠিন এবং নিষ্ঠুর মনে হয়। এ ক্ষেত্রে উদাহরণ সঞ্জু। ওকে দেখে শিখতে পারে অভিষেক। তাতে উপকৃত হতে পারে। আমার মনে হয়, দু’-একটা শট ঠিক মতো খেলতে পারলেই আত্মবিশ্বাস ফিরে পাবে।’’ মর্কেল আরও বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে রান পাচ্ছিল না সঞ্জু। প্রথম একাদশ থেকে বাদ পড়েছিল। অথচ কী দুর্দান্ত ভাবে ফিরে এসেছে। সঞ্জুর রানে ফেরাটাই অভিষেকের জন্য উদাহরণ।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে। পিচ কেমন বুঝছেন? মর্কেল বলেছেন, ‘‘ম্যাচের দিন পিচটা আরও ভাল বোঝা যাবে। আগের দিন দুপুরে দেখে সিদ্ধান্ত নেওয়া কঠিন। কারণ প্রচণ্ড গরমের জন্য সামান্য জল দেওয়া হয়েছে পিচে। তাই উপরের অংশটা একটু নরম ছিল এ দিন। পুরো শুকিয়ে গেলে ১০০ শতাংশ তৈরি হয়ে যাবে পিচটা। ভাল রান উঠবে বলেই মনে হচ্ছে।’’ ইংল্যান্ডকে কতটা সমীহ করছেন আপনারা? মর্কেল বলেছেন, ‘‘ইংল্যান্ড বেশ ভাল দল। চতুর ক্রিকেট খেলে। দারুণ সব ক্রিকেটার রয়েছে। ওদের ব্যাটিং গভীরতা ভাল, যা একটা দলকে বিপজ্জনক করে তোলে। উইকেট নেওয়ার মতো বোলারও রয়েছে ইংল্যান্ডের। ভয়ডরহীন হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে ওরা। মনে হয় ভাল লড়াই হবে।’’

ইংল্যান্ড সম্পর্কে সমীহের সুর শোনা গেলেও নিজের দলকে পিছিয়ে রাখতে নারাজ মর্কেল। ভারতের বোলিং কোচ বলেছেন, ‘‘আমাদের দলও কিন্তু বেশ ভাল। বেশ কয়েক জন দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। যে কেউ দাঁড়িয়ে যেতে পারে। যে কেউ জেতাতে পারে। আশা করব, আগামী কাল সকলে সেমিফাইনালের প্রত্যাশিত পারফরম্যান্স করবে।’’ মর্কেল আরও বলেছেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের নিখুঁত ক্রিকেট খেলতে হবে। অনুশীলনে সকলে কঠোর পরিশ্রম করেছে। এটা ঠিক, সাফল্য নিয়ে কেউ নিশ্চয়তা দিতে পারে না। সকলের সেরা পারফরম্যান্স করার সুযোগ রয়েছে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার কলকাতায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ড। বৃহস্পতিবার হ্যারি ব্রুকদের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল খেলবেন গত বারের চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবেরা।

Advertisement
আরও পড়ুন