ICC T20 World Cup 2026

অসুস্থ অভিষেক! বৃহস্পতিবার বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে জোড়া বদল করতে বাধ্য হতে পারে ভারত

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। সেই ম্যাচে প্রথম একাদশে জোড়া বদলের সম্ভাবনা। বাধ্য হয়ে বদল করতে হতে পারে গৌতম গম্ভীরকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৫
cricket

গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদবের কাঁধে ভর করে কষ্ট করে আমেরিকাকে হারিয়েছে তারা। ফলে দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরতে মরিয়া ভারতীয় দল। বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবে তারা। সেই ম্যাচে নামার আগেই চিন্তা ভারতীয় শিবিরে। বাধ্য হয়ে প্রথম একাদশে জোড়া বদল করতে হতে পারে গৌতম গম্ভীরকে।

Advertisement

ভারতের সম্ভাব্য একাদশ:

১) সঞ্জু স্যামসন— ভারতের প্রথম একাদশে ঢুকতে পারেন সঞ্জু। না, তাঁর ফর্মের জন্য নয়। ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা অসুস্থ। পেটের সমস্যায় ভুগছেন তিনি। জানা গিয়েছে, এখনও সেই সমস্যা মেটেনি। ফলে এই পরিস্থিতিতে তাঁকে নামিয়ে ঝুঁকি নিতে চাইবে না ভারত। পাকিস্তান ম্যাচের জন্য তাঁকে তরতাজা রাখতে চাইবেন গম্ভীরেরা। উল্টে নামিবিয়ার বিরুদ্ধে সঞ্জু যদি বড় রানের ইনিংস খেলতে পারেন, তা হলে তাঁরই আত্মবিশ্বাস বাড়বে। সেটা ভারতীয় দলের পক্ষেই ভাল হবে। তাই নামিবিয়ার বিরুদ্ধে অভিষেকের পরিবর্তে সঞ্জুকে খেলাতে পারে ভারত।

২) ঈশান কিশন— অপর ওপেনার ঈশান কিশন খেলবেন। ভাল ছন্দে রয়েছেন তিনি। নামিবিয়ার বিরুদ্ধে বড় রানের লক্ষ্যে নামবেন ঈশান।

৩) তিলক বর্মা— আমেরিকার বিরুদ্ধে ভাল শুরু করলেও বড় রান করতে পারেননি। সামনে পাকিস্তান ম্যাচ। ফলে নামিবিয়ার বিরুদ্ধে নিজেকে ঝালিয়ে নিতে চাইবেন এই বাঁহাতি ব্যাটার।

৪) সূর্যকুমার যাদব— আগের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। যে পিচে বাকিরা দাঁড়াতে পারেননি, সেখানে সূর্যের ইনিংস সকলকে অবাক করেছে। সেই ফর্মই নামিবিয়া ম্যাচেও ধরে রাখতে চাইবেন ভারত অধিনায়ক।

৫) রিঙ্কু সিংহ— প্রস্তুতি ম্যাচ ও আমেরিকার বিরুদ্ধে ছন্দ পাননি রিঙ্কু। তাঁর ব্যাটে-বলে হচ্ছিল না। ভারতীয় দলে ফিনিশারের ভূমিকা পালন করেন তিনি। নামিবিয়া ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেলে ছন্দে ফিরতে চাইবেন তিনি।

৬) হার্দিক পাণ্ড্য— প্রথম ম্যাচে রান পাননি। নামিবিয়ার বিরুদ্ধে নিজের পরিচিত বিধ্বংসী রূপ দেখানোর চেষ্টা করবেন তিনি। বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁর।

৭) শিবম দুবে— তিনিও প্রথম ম্যাচে রান পাননি। বল করারও সুযোগ পাননি। নামিবিয়ার বিরুদ্ধে শিবম সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করবেন।

৮) অক্ষর পটেল— ভারতের সহ-অধিনায়কের উপর অনেক বড় দায়িত্ব রয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর স্পিন বোলিং দলের বড় ভরসা।

৯) বরুণ চক্রবর্তী— উইকেট নিলেও সেই পুরনো বরুণকে দেখা যাচ্ছে না। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় অস্ত্র তিনি। নামিবিয়ার বিরুদ্ধে নিজেকে ঝালিয়ে নিতে চাইবেন বরুণ।

১০) জসপ্রীত বুমরাহ— চোট সারিয়ে অনুশীলন শুরু করেছেন। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে দরকার পড়বে। তার আগে বুমরাহকে ম্যাচ ফিট করিয়ে নিতে চাইবেন গম্ভীরেরা। সেই কারণে, নামিবিয়া ম্যাচে খেলতে পারেন তিনি। বুমরাহ খেললে অর্শদীপ সিংহকে বসতে হতে পারে।

১১) মহম্মদ সিরাজ— অর্শদীপ ধারাবাহিক ভাবে টি-টোয়েন্টি খেলেন। কিন্তু সিরাজ নন। আচমকা সুযোগ পেয়েছেন। যদি কোনও কারণে পাকিস্তানের বিরুদ্ধে বুমরাহ খেলতে না পারেন, তা হলে সিরাজকে খেলতে হবে। সেই কারণে, আরও একটি ম্যাচে তাঁকে খেলাতে চাইবেন গম্ভীর।

Advertisement
আরও পড়ুন