ICC Ranking

টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষে বিশ্বজয়ী ভারত, বিশ্বকাপ না খেলা বাংলাদেশ কত নম্বরে?

আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকাতেও এখন সেরা সূর্যকুমার যাদবেরা। মঙ্গলবার আইসিসি দলগুলির যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে শীর্ষে রয়েছে ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৯:৫৭
picture of cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সূর্যকুমার যাদবের দল এখনও মাঠে নামেনি। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া ইংল্যান্ড।

Advertisement

২০২৪ সালের পর ২০২৬ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মাঠের মতো আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকাতেও এখন সেরা সূর্যকুমারেরা। মঙ্গলবার আইসিসি দলগুলির যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে শীর্ষে রয়েছে ভারত। ভারতীয় দলের রেটিং ২৭৫। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ২৬২। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্স নিউ জ়িল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। মিচেল স্যান্টনারের দলের রেটিং ২৪৭। বিশ্বকাপের গ্রুপ পর্ব বিদায় নিলেও ক্রমতালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ২৫৮।

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকাও রয়েছে ক্রমতালিকায় পঞ্চম স্থানে। প্রোটিয়াদের রেটিং ২৪৪। ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তাদের রেটিং ২৪০। দু’বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ় ২৩৩ রেটিং নিয়ে সপ্তম স্থানে। বিশ্বকাপ না খেলা বাংলাদেশ রয়েছে ক্রমতালিকায় আট নম্বরে। লিটন দাসের দলের রেটিং ২২৫। নয় এবং দশ নম্বরে রয়েছে এশিয়ার অন্য দুই দেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এই দু’দেশের রেটিং যথাক্রমে ২২১ এবং ২২০।

টেস্ট খেলা দেশগুলির মধ্যে সবার শেষে রয়েছে আয়ারল্যান্ড। আইরিশেরা ১৯৯ রেটিং নিয়ে ১২ নম্বরে। তাদের আগে জ়িম্বাবোয়ে। গত বিশ্বকাপে চমক দেখানো জ়িম্বাবোয়ের রেটিং ২০২। এর পর রয়েছে আমেরিকা, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড। উল্লেখ্য, বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দিয়েছিল জয় শাহের আইসিসি।

Advertisement
আরও পড়ুন