ICC T20 World Cup 2026

বিশ্বকাপ ফাইনালের আগে আচমকাই হোটেল বদলাল ভারতীয় দল, চর্চা পিচ নিয়ে, রবিবার অহমদাবাদ মাতাবেন গ্র্যামিজয়ী মার্টিন

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউ জ়িল্যান্ড বিরুদ্ধে ম্যাচের আগে কি তুকতাকে বিশ্বাস করতে শুরু করল ভারতীয় দল? তেমনই ধারণা অনেকের। অহমদাবাদে ম্যাচ হলে যে হোটেলে থাকত দল তা বদলে ফেলা হয়েছে। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২১:৫৫
cricket

অহমদাবাদ পৌঁছে গেলেন সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউ জ়িল্যান্ড বিরুদ্ধে ম্যাচ। তার আগে কি তুকতাকে বিশ্বাস করতে শুরু করল ভারতীয় দল? সাম্প্রতিক ঘটনাবলী দেখে তেমনই ধারণা অনেকের। অহমদাবাদে ম্যাচ হলে যে হোটেলে থাকত দল তা বদলে ফেলা হয়েছে। চর্চা হচ্ছে পিচ নিয়েও। এ দিকে, ফাইনালের দিন গান গাইবেন গ্র্যামিজয়ী গায়ক রিকি মার্টিন।

Advertisement

মুম্বই ছেড়ে শুক্রবারই অহমদাবাদ পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তারা উঠেছে আলাদা একটি হোটেলে। আগে সবরমতী নদীর পাশে একটি হোটেলে থাকত দল। এ বার অন্য হোটেলে রাখা হচ্ছে। কেন হোটেল বদলানো হল তার কারণ জানা যায়নি। প্রসঙ্গত, মুম্বইয়ে চন্দ্রগ্রহণের কারণে ৪৫ মিনিট অনুশীলন পিছিয়ে দিয়েছিল ভারতীয় দল। উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপের ফাইনালের আগে এবং এ বার সুপার এইটে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ওই হোটেলেই ছিল ভারত। দু’টি ম‍্যাচই হেরেছে। সেই কারণেই কি তা বদলে দেওয়া হয়েছে? দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছেন অনেকে।

দু’সপ্তাহ আগে অহমদাবাদে কালো মাটির পিচে প্রোটিয়াদের কাছে হেরেছিল ভারত। ফাইনাল হয়তো লাল মাটির পিচে হতে পারে। অহমদাবাদে লাল, কালো এবং দুইয়ে মেশানো— তিন ধরনেরই পিচ রয়েছে। ওয়াংখেড়েতে লাল মাটির পিচে খেলেছে ভারত। অহমদাবাদেও একই কাজ করতে পারে তারা। যদিও কোন পিচে খেলা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে একটি লাল মাটির পিচের সামনে স্থানীয় পিচ নির্মাতা এবং বোর্ডের কর্তা হেমঙ্গ আমিনকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে।

১৯৯৮ বিশ্বকাপের থিম সং গেয়ে গোটা বিশ্বে বিখ্যাত হন পুয়ের্তো রিকোর গায়ক রিকি মার্টিন। পরে তিনি গ্র্যামি পুরস্কার পান। সেই গায়কই রবিবার মাতাবেন এক লক্ষ দর্শককে। একই সঙ্গে থাকছেন ‘ডান্ডিয়া কুইন’ হিসাবে পরিচিত ফাল্গুনী পাঠক এবং বলিউডের গায়ক সুখবিন্দর সিংহ। ম্যাচের আগে অনুষ্ঠান হবে।

রবিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে অহমদাবাদগামী বিমানের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই এবং হায়দরাবাদ থেকে বিমানগুলি ছাড়বে। মুম্বই থেকে অহমদাবাদের উদ্দেশে বিমান চালাবে আকাশ এয়ারও।

Advertisement
আরও পড়ুন