ICC T20 World Cup 2026

টি২০ বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন দুই ইংরেজ, ঘোষণা করে দিল আইসিসি

রবিবার অহমদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচের দুই আম্পায়ারের নাম ঘোষণা করে দিল আইসিসি। দুই ইংরেজের উপর দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২০:৪৮
cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।

রবিবার অহমদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউ জ়িল্যান্ড। প্রথম দল হিসাবে ভারত গত বারের ট্রফি জয়ী দল হিসাবে ফাইনাল খেলতে নামছে। পাশাপাশি, ঘরের মাঠে প্রথম দেশ হিসাবে ফাইনাল খেলছে তারা। সেই ম্যাচের দুই আম্পায়ারের নাম ঘোষণা করে দিল তারা। দুই ইংরেজের উপর দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং আলেক্স হোয়ার্ফের উপর থাকছে ম্যাচ পরিচালনার ভার। টানা দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন ইলিংওয়ার্থ। গত বার বার্বাডোজ়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেও তিনি ছিলেন। তার আগে ২০২৩-এ এক দিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল এবং ২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও আম্পায়ারিং করিয়েছেন।

হোয়ার্ফ প্রথম বার বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করবেন। তিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন। অতীতে ২০২২-এ মহিলাদের এক দিনের বিশ্বকাপ এবং ২০২৩-এ ছেলেদের এক দিনের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন।

দুই আম্পায়ারের জুটিকে সম্প্রতি ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে নিউ জ়িল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে আম্পায়ারিং করতে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গেই তৃতীয় আম্পায়ার হিসাবে দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার আলাহুদ্দিয়েন পালেকের। চতুর্থ আম্পায়ার থাকছেন আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট।

পালেকের গত বছর আইসিসি-র এলিট প্যানেলে এসেছেন। তিনি চলতি বিশ্বকাপে ছ’টি ম্যাচ পরিচালনা করেছেন।

Advertisement
আরও পড়ুন