India Women Vs Australia Women

ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতা অস্ট্রেলিয়ার, হরমনপ্রীতের বিশ্বরেকর্ডের দিনে ব্যর্থ মন্ধানারা

মহিলাদের টি-টোয়েন্টি সিরিজ়ে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৯ রানে হারাল তারা। ফলে তৃতীয় ম্যাচে হবে সিরিজ়ের ফয়সালা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২
cricket

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

প্রথম ম্যাচ ডাকওয়ার্থ লুইস নিয়মে জিতলেও দ্বিতীয় ম্যাচ হারল ভারত। মহিলাদের টি-টোয়েন্টি সিরিজ়ে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। ক্যানবেরার মানুকা ওভালে দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৯ রানে হারাল তারা। ফলে তৃতীয় ম্যাচে হবে সিরিজ়ের ফয়সালা।

Advertisement

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস করতে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বরেকর্ড করেছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হল তাঁর। তিন ফরম্যাট মিলিয়ে মোট ৩৫৬ ম্যাচ খেলে ফেললেন হরমনপ্রীত। তিনি ভাঙলেন নিউ জ়িল্যান্ডের ক্রিকেটার সুজ়ি বেটসের রেকর্ড। ৩৫৫ ম্যাচ খেলেছেন তিনি। ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ খেলার পর থেকে আর খেলেননি সুজ়ি। ফলে তাঁকে টপকে গিয়েছেন হরমনপ্রীত।

৩৫৬ ম্যাচের মধ্যে ৬ টেস্ট, ১৬১ এক দিন ও ১৮৯ টি-টোয়েন্টি খেলেছেন হরমন। টেস্টে ২০০, এক দিনের ক্রিকেটে ৪৪০৯ ও টি-টোয়েন্টিতে ৩৭৮৪ রান করেছেন তিনি। অর্থাৎ, তিন ফরম্যাচ মিলিয়ে ভারত অধিনায়কের রান ৮৩৯৩। মোট আটটি শতরান ও ৩৮ অর্ধশতরান করেছেন তিনি। পাশাপাশি টেস্টে ১২, এক দিনের ক্রিকেটে ৩১ ও টি-টোয়েন্টিতে ৩২, অর্থাৎ, তিন ফরম্যাট মিলিয়ে ৭৫ উইকেট নিয়েছেন হরমনপ্রীত।

অধিনায়ক রেকর্ড করলেও ম্যাচ জিততে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার দুই ওপেনার জর্জিয়া ভল ও বেথ মুনির কাছে হারতে হয়েছে স্মৃতি মন্ধানাদের। ভল ৫৭ বলে ৮৮ ও মুনি্ ৩৯ বলে ৪৬ রান করেন। দু’জনের মধ্যে ১৪.৫ ওভারে ১২৮ রানের জুটি হয়। তাতেই খেলায় পিছিয়ে পড়ে ভারত। তবে লড়াই ছাড়েনি ভারত। শেষ দিকে পর পর উইকেট তোলায় ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে অস্ট্রেলিয়া।

১৬৪ রানের লক্ষ্য খুব বেশি ছিল না। পাশাপাশি ভারতের দুই ওপেনার মন্ধানা ও শেফালি বর্মা শুরুটা খারাপ করেননি। পাওয়ার প্লে-র মধ্যে ৫০ রান করে ফেলেন তাঁরা। কিন্তু শেফালি ২৯ ও মন্ধানা ৩১ রানে আউট হওয়ার পর খেই হারায় ভারত। অধিনায়য়ক হরমনপ্রীত ৩৬ রান করেন। কিন্তু জেমাইমা রদ্রিগেজ় (৪), রিচা ঘোষ (১৯), আমনজ্যোৎ কৌর (৩), দীপ্তি শর্মা (০) রান পাননি। ফলে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা।

জরুরি রানরেট ক্রমাগত বাড়ছিল। তার চাপ সামলাতে পারেনি ভারত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান করে তারা। ১৯ রানে হারে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলি গার্ডনার ৩ এবং অ্যানাবেল সাগারল্যান্ড, কিম গার্থ ও অধিনায়ক সোফি মলিনিউ ২ করে উইকেট নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন