দক্ষিণ আফ্রিকায় আবার টেস্ট ক্রিকেট খেলতে ফিরছেন ভারতের মেয়েরা। ছবি: সংগৃহীত।
দক্ষিণ আফ্রিকায় আবার টেস্ট ক্রিকেট খেলতে ফিরছেন ভারতের মেয়েরা। ২৪ বছর পরে দুই দল মুখোমুখি হবে এক মাত্র টেস্টে ২০ ডিসেম্বর। শুক্রবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এই ঘোষণা করেছে।
দক্ষিণ আফ্রিকায় ভারতের মেয়েরা একমাত্র টেস্ট খেলেছেন ২০০২ সালে। পার্লের বোলান্ড পার্কে সে বার ভারতের মেয়েরা ১০ উইকেটে জিতেছিলেন। একই সঙ্গে এ বছরেই প্রথম হরমনপ্রীত কৌররা এক ক্যালেন্ডারবর্ষে তিনটি টেস্ট খেলবেন। সফরের শুরুতে ভারতের মেয়েরা দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামবেন। এর পরে শুরু হবে তিন ম্যাচের এক দিনের ক্রিকেটের সিরিজ়। যা চলবে ৯ থেকে ১৫ ডিসেম্বর। এক মাত্র টেস্ট শুরু হবে এর পরে। এ ছাড়া ভারতের মেয়েদের এপ্রিলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা আছে দক্ষিণ আফ্রিকায়। যে সিরিজ়কে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ারও মেয়েদেরও দক্ষিণ আফ্রিকায় ভিন্ন ফর্ম্যাটের সিরিজ় খেলার কথা রয়েছে। যা ২০২৭ মার্চ থেকে চলবে এপ্রিল পর্যন্ত। এই সিরিজ়ে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ান ডে এবং একটি টেস্ট রয়েছে।
‘‘ক্রিকেট বিশ্বের দুই শক্তিশালী দেশ ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ় আয়োজনের সুযোগ পেয়ে আমরা খুব খুশি। এই দুই সফরে মেয়েদের ক্রিকেটের সেরা লড়াই দেখার সুযোগ থাকবে। আমাদের আশা এই লড়াইয়ে ক্রমশ বাড়তে থাকা দর্শকদের উপস্থিতি আরও বাড়বে,’’ বলেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিইও ফোলেটসি মোসেকি। সম্প্রতি ভারতের মেয়েরা অস্ট্রেলিয়া সফর সেরে ফিরেছেন। যেখানে ভিন্ন ফর্ম্যাটের সিরিজ় হরমনপ্রীতরা হারেন ১২-৪ পয়েন্টে। দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে নিউ জ়িল্যান্ডে সফর করছে। যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে এখন তারা ১-২ পিছিয়ে।
ভারতের সফরসূচি: ৬ ডিসেম্বর প্রস্তুতি ম্যাচ, ৯ ডিসেম্বর প্রথম ওয়ান ডে (পচেস্ট্রুম), ১২ ডিসেম্বর দ্বিতীয় ওয়ান ডে (ব্লুমফন্টেন), ১৫ ডিসেম্বর তৃতীয় ওয়ান ডে (কেপ টাউন), ২০-২৩ ডিসেম্বর এক মাত্র টেস্ট (পোর্ট এলিজাবেথ)।