ICC T20 World Cup 2026

নামিবিয়ার দুই স্পিনার নিয়েছেন ৫ উইকেট! রবিবার পাকিস্তানের পাঁচ স্পিনার সামলাতে কতটা তৈরি ভারত, জানিয়ে দিলেন ঈশান

রবিবার শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের মুখোমুখি ভারত। সেই ম্যাচে পাকিস্তানের পাঁচ স্পিনারকে সামলাতে হবে ভারতীয় ব্যাটারদের। কতটা তৈরি তাঁরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩২
ঈশান কিশন।

ঈশান কিশন। ছবি: পিটিআই।

স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে। বৃহস্পতিবার দিল্লির মাঠে নামিবিয়ার দুই স্পিনার ভারতের ৫ উইকেট নিয়েছেন। স্পিনারদের সামনে হাত খুলে খেলতে সমস্যা হয়েছে সূর্যকুমার যাদব, তিলক বর্মাদের। রবিবার শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের মুখোমুখি ভারত। সেই ম্যাচে পাকিস্তানের পাঁচ স্পিনারকে সামলাতে হবে ভারতীয় ব্যাটারদের। কতটা তৈরি তাঁরা? এই প্রশ্নের জবাব দিলেন নামিবিয়ার বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলা ঈশান কিশন।

Advertisement

শ্রীলঙ্কায় স্পিনারেরা এমনই সুবিধা পান। ভারতের বিরুদ্ধে আবরার আহমেদ, মহম্মদ নওয়াজ়, শাদাব খান, সাইম আয়ুবের সঙ্গে রহস্যময় স্পিনার উসমান তারিককেও খেলাবে পাকিস্তান। এই তারিকের বিরুদ্ধে আগে কোনওদিন খেলেনি ভারত। তাঁর বলের রহস্যও অজানা। ফলে ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই।

তাঁদের যে এই লড়াইয়ের মোকাবিলা করতে হবে তা আগে থেকেই জানেন ভারতীয় ক্রিকেটারেরা। ফলে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। নামিবিয়া ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ঈশান বললেন, “আমরা আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছি। বল দেখে সেই অনুযায়ী নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে।” যদিও মারার বল পেলে ছাড়বেন না বলে জানিয়ে দিলেন ঈশান। বললেন, “যদি মারার বল পাই তো বড় শট খেলার চেষ্টা করব। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট। সেই সঙ্গে নিজেদের উপরেও বিশ্বাস রাখতে হবে।”

তারিকের কিছু ভিডিয়ো দেখলেও এক জনকে নিয়ে আলাদা করে বেশি ভাবতে চাইছেন না ঈশান। তিনি বললেন, “আলাদা করে কারও বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। হ্যাঁ, আমরা ওর কিছু ভিডিয়ো দেখেছি। তাতে কিছুটা ধারণা তৈরি হয়েছে। খুব সহজ করে বিষয়টা ভাবছি। বল দেখব, শট মারব।”

তবে শুধু পাকিস্তান নয়, ভারতও রবিবারের ম্যাচে স্পিনের জাল বুনতে চাইছে। সেই কারণেই হয়তো নামিবিয়ার বিরুদ্ধে হার্দিক ও শিবমকে দিয়ে এত ওভার বল করানো হয়েছে। যা ইঙ্গিত তাতে রবিবার শুধুমাত্র বুমরাহকেই বিশেষজ্ঞ পেসার হিসাবে খেলাতে পারে ভারত। বরুণ চক্রবর্তী ও অক্ষর পটেলের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবকে। সে ক্ষেত্রে কলম্বোর মাঠে লড়াই হবে দুই দলের স্পিনারদের। সেই বিভাগে যারা সফল হবে তারাই বাজিমাত করবে।

Advertisement
আরও পড়ুন