ICC T20 World Cup 2026

যে ফিল্ডিং ভোগাচ্ছিল, সেই ফিল্ডিংয়ের জোরেই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত! বুমরাহ-সঞ্জু ছাড়াও এক জনকে কৃতিত্ব দিলেন অধিনায়ক সূর্য

ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। এই জয়ের পর অধিনায়ক সূর্যকুমার বিশেষ এক জনের কথা বললেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২৩:৫৩
cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

ব্যাট হাতে ৮৯ রান করেছেন সঞ্জু স্যামসন। বল হাতে ইংল্যান্ডের রানের গতি আটকেছেন জসপ্রীত বুমরাহ। ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। এই জয়ের কৃতিত্ব সঞ্জু, বুমরাহদের দেওয়ার পাশাপাশি আরও এক জনের নাম করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি দলের ফিল্ডিং কোচ টি দিলীপ।

Advertisement

চলতি বিশ্বকাপে ভারতকে ভুগিয়েছে ফিল্ডিং। ক্যাচ পড়েছে। চার গলেছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছে ভারত। আগের ম্যাচের পরেও দলের ফিল্ডিংয়ে খুশি ছিলেন না সূর্য। সেই ফিল্ডিংই ওয়াংখেড়েতে জিতিয়েছে। অক্ষর পটেলের দুর্দান্ত ক্যাচ, হার্দিক পাণ্ড্যের রান আউটের জেরে জিতেছে ভারত। তাই ফিল্ডিং কোচ দিলীপের কথা বলেছেন সূর্য।

ম্যাচ শেষে সূর্য বলেন, “আমার মনে হয়, জয়ের কিছুটা কৃতিত্ব আমাদের ফিল্ডিং কোচ টি দিলীপকেও দেওয়া উচিত। ছেলেদের সঙ্গে উনি অনেক খেটেছেন। আলাদা করে সময় কাটিয়েছেন। নানা রকমের প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফিল্ডিংয়ের মান বাড়িয়েছেন। প্রয়োজনে কড়াও হয়েছেন। দলের ছেলেরা ওঁর কথা শুনেছে। সেটা মাঠে দেখা গিয়েছে। তাই এই জয়ের কৃতিত্ব ওঁরও।”

শুরু থেকে সঞ্জু যে ভাবে রান তোলার গতি বাড়িয়ে রেখেছিলেন, সেই কথাও শোনা গিয়েছে সূর্যের মুখে। ভারত অধিনায়ক বলেন, “ও শুরু থেকে আক্রমণ শুরু করেছিল। এক বারও থামেনি। উইকেট পড়লেও রান করছিল। ও জানত, উইকেট ভাল। তাই বড় রান করতে হবে। এই ইনিংসটা ওর খেলা অন্যতম সেরা।”

তার পরেও ইংল্যান্ড লড়াই ছাড়েনি। একটা সময় দেখে মনে হচ্ছিল, হয়তো জিতে যাবে তারা। সূর্যও মজা করে বলেন, “ব্রুককে বললাম, তোমাদের হারাতে আর কত রান করতে হবে।” যদিও দলের বোলারদের কৃতিত্বও ছোট করে দেখছেন না সূর্য। তিনি বলেন, “বুমরাহ, অর্শদীপ প্রত্যেকে ভাল বল করেছে। তবে আলাদা করে বুমরাহের কথা বলব। আরও এক বার ও হাত তুলে দায়িত্ব নিয়েছে। দলকে জিতিয়েছে। ম্যাচের পর ম্যাচ এই কাজ ও করছে।”

এই ম্যাচে চার নম্বরে নিজে নামেননি সূর্য। নামিয়ে দেন শিবম দুবেকে। সেই সিদ্ধান্ত কাজে লাগে। শিবম ২৫ বলে ৪৩ রান করেন। সূর্য জানিয়েছেন, পরিস্থিতি দেখে ব্যাটিং অর্ডারে বদল করেছিলেন তিনি। ভারত অধিনায়ক বলেন, “তিন নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডার নির্দিষ্ট। তার পরে যে কোনও বদল হতে পারে। আমাদের মনে হয়েছিল, আদিল রশিদের বলে শিবম ভাল খেলবে। তাই ওকে আগে নামিয়েছি। ও ভরসার দাম দিয়েছে।”

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২৫৩ রান করেও নিশ্চিন্ত হতে পারেননি সূর্য। শেষ পর্যন্ত লড়াই হয়েছে। সেই সময় তাঁর হৃদ্‌স্পন্দন অনেক বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন সূর্য। তবে শেষ পর্যন্ত তাঁরা জিতেছেন। খেলা শুরুর আগে থেকে যে ভাবে ওয়াংখেড়ের দর্শকেরা তাঁদের সমর্থন করেছেন তার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ভারত অধিনায়ক।

Advertisement
আরও পড়ুন