Marriage

বিশ্বকাপ শেষ হতেই বিয়ে করে ফেললেন ভারতের এক ক্রিকেটার, পাত্রী কে?

বিয়ে করলেন ভারতের এক ক্রিকেটার। বৃহস্পতিবার রাতের দিকে ইনস্টাগ্রামে নিজেই একটি পোস্টে এই খবর জানিয়েছেন। দীর্ঘ দিনের বান্ধবীকে বিয়ে করেছেন নবদীপ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ১১:৪৮
cricket

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার নবদীপ সাইনি। বৃহস্পতিবার রাতের দিকে ইনস্টাগ্রামে নিজেই একটি পোস্টে এই খবর জানিয়েছেন। দীর্ঘ দিনের বান্ধবী স্বাতী আস্তানাকে বিয়ে করেছেন নবদীপ। ২০১৯ সালে ভারতের হয়ে অভিষেক হলেও ইদানীং কোনও দলেই ডাক পান না নবদীপ।

Advertisement

তাঁর স্ত্রী স্বাতী পেশায় ‘ভ্লগার’, অর্থাৎ যিনি ভিডিয়োর মাধ্যমে ব্লগিং করেন। সাজপোশাক, ঘোরাঘুরি এবং জীবনযাত্রা নিয়ে ভ্লগিং করেন তিনি। তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে নিয়মিত ভিডিয়ো পোস্ট করেন। এ ছাড়া ইনস্টাগ্রামেও বিভিন্ন সময়ে ভিডিয়ো এবং ছবি পোস্ট করেন।

নবদীপ কিছু দিন আগেই খেলেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। তাঁর দল দিল্লি সেমিফাইনালে হেরে যায় পঞ্জাবের কাছে। সেই ম্যাচে তিন ওভারে ৩২ রান দিয়েছিলেন সাইনি। গোটা প্রতিযোগিতায় সাত ম্যাচে মাত্র ৪টি উইকেট পেয়েছে। ইরানি কাপে অবশিষ্ট ভারতের হয়ে খেলেছেন তিনি।

গত বারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছিলেন তিনি। নিয়েছিলেন ৩টি উইকেট। ভারতের হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২১ অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্টে খেলেছিলেন তিনি। সেই সময়ে ভারতের প্রথম সারির অনেক ক্রিকেটার চোট পেয়েছিলেন বলে খেলানো হয়েছিল তাঁকে। তবে পরের দিকে আর সুযোগ পাননি।

Advertisement
আরও পড়ুন