— প্রতীকী চিত্র।
নদিয়ার নাকাশিপাড়ায় শুক্রবার দুপুরে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনায় গুরুতর আহত আরও এক জন। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আবু শাহেদ শেখ। তিনি উত্তর বহিরগাছি এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুরে নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরি নেতাজি স্ট্যাচু মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন আবু। সেই সময় বহরমপুরগামী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে সিলিন্ডার বোঝাই গাড়িতে। পাশেই দাঁড়িয়ে ছিল একটি মোটরসাইকেল। তাতেও ধাক্কা দেয় ডাম্পারটি। তার পরেই ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা আবু এবং অন্য এক পথচারীকে ধাক্কা মারে সেটি। ধাক্কার অভিঘাতে ছিটকে পড়েন দু’জন। স্থানীয়েরা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
মৃত আবুর এক আত্মীয় তথা প্রত্যক্ষদর্শী লুৎফর শেখ বলেন, “জামাইবাবু ও দিদি কৃষ্ণনগরে গিয়েছিলেন। বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসের গাড়িতে ধাক্কা মারে। তার পরেই ডাম্পারটি ওদের ধাক্কা মারে। ওরা সরে যাওয়ার সময় পায়নি। জামাইবাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।”