Nitish Reddy Phonecall during PC

সাংবাদিকদের মুখোমুখি নীতীশ, আচমকা মায়ের ফোন! মাঝপথে বৈঠক থামালেন ভারতীয় ক্রিকেটার

ধর্মশালায় আফগানিস্তানকে প্রথম এক দিনের ম্যাচে হারিয়েছে ভারত। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। তখনই ঘটে এই ঘটনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০১:৪৪
cricket

সাংবাদিক বৈঠকের মাঝে মায়ের সঙ্গে ফোনে কথা নীতীশ কুমার রেড্ডির। ছবি: এক্স।

চলছিল সাংবাদিক বৈঠক। আচমকা এল মায়ের ফোন। সাংবাদিক বৈঠক থামিয়ে ফোন তুললেন নীতীশ কুমার রেড্ডি। ভারতীয় ক্রিকেটারের এই কাণ্ড ভাইরাল সমাজমাধ্যমে।

Advertisement

ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। বৃষ্টিবিঘ্নিত ২৫ ওভারের আফগানিস্তানকে সহজে হারিয়ে সিরিজ়ে ১-০ এগিয়েছে ভারত। খেলা শেষে ভারতীয় দলের তরফে সাংবাদিক বৈঠকে গিয়েছিলেন নীতীশ। সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। তখনই ঘটে এই ঘটনা।

নীতীশের সামনে তাঁর ফোন রাখা ছিল। আচমকা ফোন বাজে। ফোনের দিকে তাকিয়ে নীতীশ বলেন, “মায়ের ফোন এসেছে। ফোনটা তুলছি।” সাংবাদিকেরাও চুপ করে যান। ফোন তুলে নীতীশ জানান, তিনি সাংবাদিক বৈঠকে রয়েছেন। তাঁর মা হয়তো জানতেন না, নীতীশ সাংবাদিক বৈঠকে রয়েছেন। ছেলের দল জেতার পর তাই ফোন করেন তিনি। কয়েক সেকেন্ড কথা বলে ফোন কেটে দেন নীতীশ। আবার সাংবাদিক বৈঠক শুরু করেন তিনি।

নীতীশের এই ভিডিয়ো পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্যাপশনে লেখা, “ম্যাচের পর সাংবাদিক বৈঠক অপেক্ষা করতে পারে, কিন্তু মায়ের ফোন নয়।” নীতীশের এই কাজের প্রশংসা করেছেন সকলে। তাঁদের কথায়, বোঝা যাচ্ছে মাকে কতটা সম্মান করেন নীতীশ। বাকিদেরও এই ভিডিয়ো থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন তাঁরা।

ধর্মশালায় প্রথমে ব্যাট করে ১৯৪ রান করে আফগানিস্তান। ৫১ বলে ১০২ রান করেন রহমানুল্লা গুরবাজ়। বল হাতে ভাল পারফর্ম করেছেন নীতীশ। ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। শতরানকারী গুরবাজ়কেও তিনি বোল্ড করেন। নইলে হয়তো ২২০-২২৫ রান করত আফগানিস্তান। তাতে সমস্যা হত ভারতের।

১৩ বল বাকি থাকতে ১৯৫ রান তাড়া করে জিতে যায় ভারত। ৭ উইকেটে জেতে তারা। অধিনায়ক শুভমন গিল ৬৬ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন। লোকেশ রাহুল করেন ১৯ বলে ৩৯ রান। সহজ জয়ে সিরিজ়ের শুরু হয়েছে ভারতের।

Advertisement
আরও পড়ুন