Varun Chakravarthy

৫ উইকেট নিয়েও হার, তবু ম্যাচের সেরা বরুণ, নিজেকে ১০-এ কত দিলেন কেকেআরের স্পিনার

তিনি ৫ উইকেট নিলেও জিততে পারেনি দল। সেই কারণে হতাশ ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। তবে ম্যাচের সেরা হয়েছেন বরুণ। তিনি নিজেকে ১০-এ কত নম্বর দিলেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ২৩:০৪
cricket

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টিতে দু’বার ঘটল এই ঘটনা। তিনি ম্যাচে ৫ উইকেট নিলেও জিততে পারল না দল। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বল করেন বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। দেখে মনে হচ্ছিল, জয়ী দলের হয়েই ম্যাচের সেরা পুরস্কার নেবেন। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় হারতে হল ভারতকে। তবু ম্যাচের সেরা হলেন কেকেআরের স্পিনার বরুণ। তিনি নিজেকে ১০-এ কত নম্বর দিলেন?

Advertisement

নিজের পারফরম্যান্সে খুশি হলেও দল হারায় হতাশ বরুণ। তবে সামনের দিকে এগোতে চান তিনি। ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে ভারতের স্পিনার বলেন, “খারাপ লাগছে যে জিততে পারলাম না। কিছুটা হলেও হতাশ। কিন্তু এটাই ক্রিকেট। সামনের দিকে তাকাতে হবে। পরের ম্যাচের জন্য তৈরি হতে হবে।”

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বরুণ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ়ে প্রথম বোলার হিসাবে ১০ উইকেট নিয়েছেন তিনি। সিরিজ়ের এখনও দুই ম্যাচ বাকি। দেশের হয়ে খেললে যে বাড়তি দায়িত্ব নিতে হবে সে কথা জানিয়েছেন বরুণ। তিনি বলেন, “যখন আপনি দেশের হয়ে খেলেন তখন বাড়তি দায়িত্ব থাকে। সেটাই নিচ্ছি। এখনও পর্যন্ত সফল হয়েছি। দলের প্রয়োজনে যে কোনও পরিস্থিতিতে বল করতে আমি তৈরি।”

ইডেন গার্ডেন্সেও ম্যাচের সেরা হয়েছিলেন বরুণ। সেই ম্যাচে ১০-এ নিজেকে ৭ দিয়েছিলেন তিনি। এই ম্যাচে কত দেবেন? সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্নের জবাবে বরুণ বলেন, “এখন ভাল ফর্মে আছি। তবে আরও উন্নতি করতে হবে। ১০-এ নিজেকে ৭.২ দেব।”

Advertisement
আরও পড়ুন