ICC T20 World Cup 2026

মাঠে প্রতিপক্ষ, বাইরে বন্ধু! খেলা শেষে নেদারল্যান্ডসের ক্রিকেটারদের উপহার হার্দিক, বুমরাহের

নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। খেলা শেষে প্রতিপক্ষ ক্রিকেটারদের সই করা জার্সি উপহার দিয়েছেন হার্দিক পাণ্ড্যেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৭
cricket

নেদারল্যান্ডসের এক ক্রিকেটারকে উপহার দেওয়া জার্সিতে সই করে দিচ্ছেন হার্দিক পাণ্ড্য (ডান দিকে)। ছবি: এক্স।

মাঠের মধ্যে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে যে তাঁরা ভাল বন্ধু তা প্রমাণ করে দিলেন ভারত ও নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। খেলা শেষে প্রতিপক্ষ ক্রিকেটারদের সই করা জার্সি উপহার দিয়েছেন হার্দিক পাণ্ড্যেরা।

Advertisement

বুধবার অহমদাবাদে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারায় ভারত। ম্যাচ হারলেও লড়াই করেছে নেদারল্যান্ডস। খেলা শেষে দেখা যায়, মাঠের ধারে একে একে নেদারল্যান্ডসের কয়েক জন ক্রিকেটারকে সই করা নিজের জার্সি দিচ্ছেন হার্দিক। সেই কাজ করতে দেখা যায় বুমরাহকেও। শুধু সই করা জার্সি উপহার নয়, প্রতিপক্ষ ক্রিকেটারদের জড়িয়ে ধরে তাঁদের সঙ্গে ছবিও তোলেন হার্দিক, বুমরাহ।

ভারতের বিরুদ্ধে ভাল খেলেছেন আরিয়ান দত্ত। চার ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও ঈশান কিশনকে আউট করেছেন। ভাল খেলায় প্রতিপক্ষের সমীহ আদায় করে নিয়েছেন আরিয়ান। খেলা শেষে দেখা যায়, ভারতীয় পেসার অর্শদীপ সিংহকে নিজের সই করা একটি জার্সি দিচ্ছেন আরিয়ান। পাল্টা অর্শদীপও একটি জার্সি উপহার দেন আরিয়ানকে। জার্সিতে সইও করেন তিনি।

চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডস চার ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে। কিন্তু ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে তারা। বিশেষ করে পাকিস্তানকে একটা সময় প্রায় হারিয়েই দিয়েছিল তারা। ক্যাচ না ফস্কালে বিশ্বকাপের সুপার এইটে ওঠার সুযোগ থাকত তাদের। কিন্তু তাদের লড়াই মন জিতেছে ক্রিকেটপ্রেমীদের।

Advertisement
আরও পড়ুন