ICC T20 World Cup 2026

বিশ্বকাপ শুরুর তিন দিন আগে আবার চোট সমস্যায় ভারতীয় দল, খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হল পেসারকে

নভি মুম্বইয়ে ভারতের প্রস্তুতি ম্যাচ ছিল। সেখানে মাত্র এক ওভার বল করে ১৬ রান দেন পেসার। এবং এর পরই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। বাকি ম্যাচে তিনি আর খেলেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০
Indian cricket team

চোট সমস্যা উদ্বেগে রাখল ভারতীয় দলকে। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র তিন দিন আগে সমস্যায় পড়ল ভারতীয় দল। নতুন করে চোটের আশঙ্কায় পড়েছেন গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবেরা। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠ ছেড়ে বেরিয়ে যান পেসার হর্ষিত রানা।

Advertisement

নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে ভারতের প্রস্তুতি ম্যাচ ছিল। সেখানে হর্ষিত মাত্র এক ওভার বল করে ১৬ রান দেন এবং এর পরই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। বাকি ম্যাচে তিনি আর খেলেননি।

নিজের করা একমাত্র ওভারটিতে হর্ষিতকে বেশ সমস্যায় পড়তে দেখা যায়। দু’বার তিনি রান-আপ নেওয়ার সময় মাঝপথে থেমে যান। কিছুক্ষণ পরেই তাঁকে হাঁটু চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। হর্ষিতের চোট নিয়ে যা সতীর্থ এবং কোচিং স্টাফেরা যথেষ্ট উদ্বিগ্ন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ফলে হর্ষিতের চোট কতটা গুরুতর, তা নিয়ে চিন্তা থাকছে।

স্পিন-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরেরও চোট রয়েছে। তাঁকে নিয়ে অনিশ্চয়তা আগে থেকেই ছিল। তার উপর হর্ষিতের খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়া ভারতের দুশ্চিন্তা আরও বাড়াল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে চোট পান সুন্দর। বিশ্বকাপের দলে থাকলেও এখনও শিবিরে যোগ দিতে পারেননি তিনি।

তবে স্বস্তির বিষয় হল, চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিলক বর্মা। শুধু তা-ই নয়, এই বাঁহাতি ব্যাটার ১৯ বলে ৪৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনটি ছক্কা ও তিনটি চার মারেন তিনি।

ভারত তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারায়। ফর্মে থাকা ঈশান কিশন ২০ বলে ৫৩ রান করেন। ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৪১ রান তোলে। ন’জন বোলার ব্যবহার করে দক্ষিণ আফ্রিকাকে ২১০ রানে আটকে দেয় ভারত। অভিষেক শর্মা দু’টি উইকেট নেন।

Advertisement
আরও পড়ুন