ডারহামে মারমুখী মেজাজে অভিষেক শর্মা। ছবি: বিসিসিআই।
ছন্দে অভিষেক শর্মা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে অর্ধশতরান করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টি-টোয়েন্টিতে অর্ধশতরান করলেন তিনি। এই ইনিংসে একটি বিশ্বরেকর্ডও করেছেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা মেরেছেন তিনি।
ডারহামে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ন’বলের মধ্যেই জোড়া ছক্কা মারেন অভিষেক। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সব মিলিয়ে মোট চারটি ছক্কা মেরেছেন অভিষেক। অর্থাৎ, দেশের হয়ে তাঁর ছক্কার সংখ্যা এখন ১০২।
সবচেয়ে কম বল খেলে ১০০ ছক্কা মেরেছেন অভিষেক। ছক্কার সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৭৮৫ বল। এত দিন এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ়ের এভিন লুইসের দখলে। ৭৮৯ বলে ১০০ ছক্কা মেরেছিলেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন ফিন অ্যালেন। নিউ জ়িল্যান্ডের এই ব্যাটার ১০০ ছক্কা মারতে ৮৭১ বল নিয়েছেন। ৯৩১ বলে টিম ডেভিড, ৯৬৩ বলে কলিন মুনরো ও ১০০৭ বলে সূর্যকুমার যাদব ছক্কার সেঞ্চুরি করেছেন।
ইনিংসের বিচারে ১০০ ছক্কা মারার নিরিখে দ্বিতীয় স্থানে অভিষেক। ভারতের হয়ে নিজের ৪৮তম ইনিংসে ১০০ ছক্কা মেরেছেন তিনি। লুইস ১০০ ছক্কা মারতে ৪২ ইনিস নিয়েছিলেন।
২০২৪ সালের জুলাই মাসে ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেক হয় অভিষেকের। মাত্র দু’বছরের মধ্যে ৪৮ ম্যাচে ১৪৮৭ রান করেছেন তিনি। ৩৩.০৪ গড় ও ১৯১.৬২ স্ট্রাইক রেটে রান করেছেন এই বাঁহাতি ওপেনার। মেরেছেন দু’টি শতরান ও ১০টি অর্ধশতরান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১০০০ রান করা ব্যাটারদের মধ্যে অভিষেকের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি।
ডারহামে ২৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন অভিষেক। মেরেছেন ছ’টি চার ও চারটি ছক্কা। মাত্র ২০ বলে অর্ধশতরান করেছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে এটি কোনও ভারতীয়ের করা দ্রুততম অর্ধশতরান। ২০১৮ সালে ম্যাঞ্চেস্টারে ২৭ বলে অর্ধশতরান করেছিলেন লোকেশ রাহুল। সেই রেকর্ড ভেঙেছেন অভিষেক। যে ভিত তিনি ভারতকে দিয়েছিলেন তাতে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে তারা।