Indian Women Cricket

বিশ্বকাপ থেকে বিদায়ের পর হরমনপ্রীতকে কি অধিনায়কত্ব থেকে সরাবে বোর্ড? জবাব দিলেন কোচ অমল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। এর পরেও কি ভারতীয় দলের অধিনায়ক থাকবেন হরমনপ্রীত কৌর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৯:১৯
cricket

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

আরও এক বার ব্যর্থ হরমনপ্রীত কৌর। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে এক দিনের বিশ্বকাপ জিতলেও ছোট ফরম্যাটে সাফল্য পাননি তিনি। এ বারও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ভারত। এই ব্যর্থতার পরেও কি হরমনপ্রীতকেই অধিনায়ক রাখা হবে? না কি ভারতের পুরুষদের দলের মতো মহিলাদের দলেও অধিনায়ক বদল হবে? এই প্রশ্নের জবাব দিলেন দলের কোচ অমল মুজুমদার।

Advertisement

গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ভারত। খেলা শেষে সাংবাদিক বৈঠকে কোচকে এক সাংবাদিক প্রশ্ন করেন, “আপনি কি মনে করেন, এর পরেও হরমনপ্রীতই অধিনায়ক থাকবেন?”

জবাবে অমল বলেন, “দেখুন, অধিনায়ক কে থাকবে সেই সিদ্ধান্ত নির্বাচকদের। তবে যদি আমাকে বলেন তো আমার জবাব, হ্যাঁ।” অর্থাৎ, কোচ চান এখনও ৩৭ বছরের হরমনপ্রীতই ভারতীয় দলের অধিনায়ক থাকুন।

কোথায় কোথায় তাঁরা সমস্যায় পড়েছেন তা-ও খোলসা করে দিয়েছেন কোচ। অমল বলেন, “যদি আপনি গোটা প্রতিযোগিতা দেখেন, তা হলে বুঝতে পারবেন, আমাদের বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। পাশাপাশি ব্যাট করার সময় আরও একটু আগ্রাসী মনোভাব দেখাতে হবে। ১৫-২০ রান বেশি করতে পারলে তো ভালই।”

তবে পাশাপাশি দলের তরুণ বোলিং আক্রমণের পাশেও দাঁড়িয়েছেন কোচ। আরও কিছুটা সময় চেয়েছেন তিনি। অমল বলেন, “আমাদের বোলিং আক্রমণ নতুন। অভিজ্ঞতাও কম। আমি আগেও এই কথাটা বলেছি। আমাদের ১৮ মাস সময় দিন। এই আক্রমণটাই বদলে যাবে।” ভারতের এক দিনের দল নিয়েও এই কথা বলেছিলেন অমল। সেই দলকে বিশ্বচ্যাম্পিয়নও করেছেন। তা হলে কি এখন থেকেই ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভাবতে শুরু করেছেন অমল?

তবে ভারতের ছোট ফরম্যাটে নেতৃত্বে বদল করা হতে পারে। স্মৃতি মন্ধানা মহিলাদের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দু’বার চ্যাম্পিয়ন করেছেন। হরমনপ্রীত না থাকলে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেন। ফলে তাঁকে এ বার পাকাপাকি ভাবে অধিনায়ক করে দেওয়া হতে পারে। এখন দেখার, এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয়।

Advertisement
আরও পড়ুন