List A Cricket Record

বৈভবের তাণ্ডবে চুরমার দু’দশকের পুরনো রেকর্ড, ১১ বলে ৫০ রান করে নজির কিশোর ব্যাটারের, অল্পের জন্য হাতছাড়া শতরান

২৯ বলে ৯৪ রান করার পথে বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে এসেছে ১০টি চার এবং আটটি ছক্কা। প্রথম উইকেটের জুটিকে প্রিয়াংশ আর্যের সঙ্গে ৮.৫ ওভারে ১৩২ রান তোলে বৈভব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৩:২২
picture of cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

ব্যাট হাতে আবার নজির বৈভব সূর্যবংশী। ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের ইনিংস খেলে নজির গড়ল বৈভব। কয়েক দিন আগে বিতর্কে জড়িয়ে পড়া বৈভবকে রবিবার দেখা গেল চেনা মেজাজে। ২০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল বিহারের ব্যাটার।

Advertisement

শতরান হাতছাড়া হলেও বলের বিচারে লিস্ট এ ক্রিকেটে (৫০ ওভারের ম্যাচ) দ্রুততম অর্ধশতরান করল ১৫ বছরের ব্যাটার। ডাম্বুলার ২২ গজে ১১ বলে ৫০ রান পূর্ণ করে বৈভব ভেঙে দিল শ্রীলঙ্কারই কৌশল্য বীরারত্নের রেকর্ড। ২০০৫-০৬ মরসুমে রাগামা ক্রিকেট ক্লাব বনাম কুরুনেগালা ইয়ুথ ক্রিকেট ক্লাবের ম্যাচে ১২ বলে অর্ধশতরান করেছিলেন বীরারত্নে। এই তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন শ্রীলঙ্কারই নারাঙ্গদা লিয়ানাড়াচ্ছিগে থিসারা চিরন্ত পেরেরা। তিনি ২০২০-২১ মরসুমে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাব বনাম ব্লমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের ম্যাচে ১৩ বলে ৫০ রান করেন।

বৈভব ১১ বলে অর্ধশতরানের ইনিংসের প্রতি বলে করেছে যথাক্রমে ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬ রান। অর্থাৎ ১১ বলের ১০টিতে মেরেছে পাঁচটি চার এবং পাঁচটি ছক্কা। বাঁ হাতি স্পিনার দুলাজ সমুদিতাকে ছক্কা মেরে নতুন রেকর্ড গড়েছে বৈভব।

শেষ পর্যন্ত ২৯ বলে ৯৪ রান করার পথে বৈভবের ব্যাট থেকে এসেছে ১০টি চার এবং আটটি ছক্কা। প্রথম উইকেটের জুটিকে প্রিয়াংশ আর্যের সঙ্গে ৮.৫ ওভারে ১৩২ রান তোলে বৈভব।

Advertisement
আরও পড়ুন